রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেছেন, ইরানের ওপর বর্তমান হামলা ও চাপের যুক্তি যদি আরও উসকে দেওয়া হয়, তবে দেশটিতে এমন প্রভাবশালী শক্তির উত্থান ঘটতে পারে যারা পারমাণবিক বোমা অর্জনের পক্ষে অবস্থান নেবে।
তিনি বলেন, “আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, যদি এই পথেই এগোনো হয়, তাহলে ইরানে এমন শক্তির উত্থান হবে যারা ঠিক সেটিই করবে, যা যুক্তরাষ্ট্র এড়াতে চায়।”
তার মতে, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোকে আক্রমণ করে না—এই ধারণা থেকেই ইরানের ভেতরে কেউ কেউ পারমাণবিক বোমা অর্জনের প্রয়োজনীয়তার কথা বলতে পারে।
আজ এক সংবাদ সম্মেলনে লেভরভ আরও উল্লেখ করেন, ইরানে এমন অনেকেই আছেন যারা লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার আল গাদ্দাফির উদাহরণ টেনে আনেন। গাদ্দাফি স্বেচ্ছায় তার পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি পরিত্যাগ করেছিলেন।
তিনি বলেন, গ্লোবাল সাউথ বা দক্ষিণ বিশ্বের বিভিন্ন দেশের আলোচকরাও প্রায়ই এই বিষয়টি স্মরণ করিয়ে দেন। তাদের বক্তব্য, “দেখুন, গাদ্দাফি পারমাণবিক কর্মসূচি ত্যাগ করেছিলেন, এরপর পশ্চিমারা তার সঙ্গে কী করেছিল?”
মাহফুজ/