দক্ষিণ লেবাননের লিতানি নদীর উপর অবস্থিত কাসমিয়া সেতুটি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
রবিবার (২২ মার্চ) ইসরায়েলের সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহ গোষ্ঠী নদীর উত্তর থেকে দক্ষিণে যোদ্ধা, অস্ত্রশস্ত্র, রকেট এবং রকেট লঞ্চার স্থানান্তরের জন্য এই সেতুটি ব্যবহার করত।
এতে বলা হয়, হিজবুল্লাহর কমান্ডার ও যোদ্ধারা ইসরায়েলি বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর জন্য এই ক্রসিংটি ব্যবহার করত এবং ইসরায়েলি ও লেবানিজ উভয় বেসামরিক নাগরিকদের সুরক্ষার উদ্দেশ্যেই এটি ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লিতানি নদীর ওপরের সেতুগুলোতে অবিলম্বে হামলা চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহ যোদ্ধা ও অস্ত্রের দক্ষিণমুখী চলাচল ঠেকানোর লক্ষ্যেই এই আদেশ দেওয়া হয়।
ইসরায়েলি বাহিনী এর আগে কাসমিয়েহ সেতুতে হামলা চালিয়েছিল, যা টায়ারের কাছে লেবাননের দক্ষিণ উপকূলীয় মহাসড়কে লিতানি নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল এবং সিডন জেলা ও নদীর দক্ষিণের অঞ্চলের মধ্যে প্রধান যোগসূত্র হিসেবে কাজ করে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানিয়ে একে একটি ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ এবং ‘লেবাননের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।
তিনি সতর্ক করে বলেন, দক্ষিণ লেবাননে অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা একটি স্থল অভিযানের সূচনা হতে পারে। লেবানন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে বারবার সতর্ক করেছে।
ইসরায়েল গত ২ মার্চ হিজবুল্লাহর বিরুদ্ধে তার অভিযান সম্প্রসারিত করে এবং ৩ মার্চ থেকে দক্ষিণ লেবাননে একটি সীমিত স্থল অভিযান শুরু করে। - আনাদুলো অ্যাজেন্সি
অমিয়/