যুক্তরাজ্যের স্থানীয় সরকার, ধর্ম ও কমিউনিটি বিষয়ক মন্ত্রী মাইতা ফাহনবুল্লেহ পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১২ মে) প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘জনগণ বিশ্বাস করে না যে, আপনি এই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন, আমিও করি না।’
পাশাপাশি তিনি স্টারমারকে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি সময়সূচি নির্ধারণের আহ্বান জানান।
স্টারমারের নেতৃত্বাধীন সরকারের আমলে তিনিই প্রথম সরকারি মন্ত্রী, যিনি পদত্যাগ করলেন।
সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর তার এই পদত্যাগ রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত স্টারমারকে লেখা চিঠিতে মাইতা ফাহনবুল্লেহ বলেন, ‘জনগণ আমাদের যে পরিবর্তনের ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি, গতি ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতে পারিনি। একই সঙ্গে আমরা এমনভাবে সরকার পরিচালনা করতে পারিনি, যাতে লেবার পার্টির মূল্যবোধ ও দৃঢ় অবস্থান স্পষ্টভাবে প্রতিফলিত হয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশ এখন বিশাল সব চ্যালেঞ্জের মুখে। মানুষ ব্যাপক পরিবর্তন চায়। কিন্তু জনগণ বিশ্বাস করে না যে আপনি সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন, আমিও করি না।’
চিঠির শেষাংশে তিনি ‘দেশ ও দলের স্বার্থে’ নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য একটি সুস্পষ্ট সময়সূচি নির্ধারণের আহ্বান জানান, যাতে লেবার পার্টি জনগণের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়ন করতে পারে। সূত্র: বিবিসি
অমিয়/