বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন ও স্বাস্থ্য সুরক্ষা কিট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি জনগণ ও বিভিন্ন সংগঠন যেভাবে সহযোগিতা করেছে তার অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য ছিল। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে আমরা জোর দিচ্ছি। কারণ গ্রামীণ থেকে সব পর্যায় পর্যন্ত যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। তা ছাড়া বন্যা পরবর্তী অন্যান্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও দেখা হচ্ছে। সেজন্য সব সংস্থাকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে। সড়ক ও যোগাযোগ ব্যবস্থা আমরা স্বাভাবিক করতে সব পদক্ষেপ নেব।’
পরে বন্যাকবলিত বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন উপদেষ্টা হাসান আরিফ।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জহির দেওয়ান, নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাশ প্রমুখ।
সালমান/