অন্যায়, অত্যাচার ও অবিচার করায় চসিকের ৪১ কাউন্সিলরকে পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে বাকলিয়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট ডাকাতি করে ৪১ জন ওয়ার্ড কাউন্সিলর হয়েছিলেন। তারা সবাই এখন লেজ গুটিয়ে পালিয়ে গেছেন। কারণ তারা প্রত্যেকেই অন্যায়, অত্যাচার ও অবিচার করেছেন।’
মেয়র বলেন, ‘আওয়ামী লীগের চরিত্র হচ্ছে দলের প্রয়োজনে নিজের পরিবারের ক্ষতি করতেও চিন্তা না করা। তার নিকৃষ্ট উদাহরণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর। তার আত্মীয়-স্বজন যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তাদের মামলা দিয়ে হয়রানি করেছে। আজ তিনি কোথায়?’
তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার চরম দুর্নীতি করেছে। স্বৈরাচারের আমলে চসিক কাউন্সিলররা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। ভুয়া প্রকল্পের নামে লুটপাট চালিয়েছে। যে কারণে খাল, নালা ভরাট হয়ে গেছে। মানুষ চলতে-ফিরতে কষ্ট পাচ্ছেন।’
নগরপিতা আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর আমি বেশি জোর দিচ্ছি। চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি করতে চাই আমি। গত কাউন্সিলররা ৬০ থেকে ৯০ জন পরিচ্ছন্নকর্মী নিয়োগ দিয়েছেন, তারা ঠিকমতো কাজ করছে কি না, সেটা জানার জন্য আমি হাজিরা নিচ্ছি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ ইয়াছিন চৌধুরী আশু, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা প্রমুখ।
ইফতেখারুল/তাওফিক/