বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও নিরাপদ সড়ক চাই (নিচসা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ছয় মাসেরও বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন এই তারকা। এই অভিনেতার মাথায় অস্ত্রোপচার হয়েছে গত ৫ আগস্ট। লন্ডনের উইলিংটন হাসপাতালে চলছে তার চিকিৎসা। একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
জানা গেছে, ইলিয়াস কাঞ্চনকে সপ্তাহে ৫ দিন থেরাপি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার পরিবারের সদস্য, জামাতা আরিফুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার ইলিয়াস কাঞ্চনের সুস্থতায় পূর্ব লন্ডনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আয়োজক ছিল তারই প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই সংগঠনের যুক্তরাজ্য শাখা। দোয়া মাহফিল শেষে ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম জানান, শনি ও রবিবার ছাড়া সপ্তাহে ৫ দিন বাসা থেকে হাসপাতালে গিয়ে থেরাপি নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তাকে টার্গেট রেডিওথেরাপি দেওয়া হচ্ছে।
এদিকে ইলিয়াস কাঞ্চনের একসময়কার সহ-অভিনেত্রী সোনিয়া লন্ডনে বসবাস করছেন। তিনিও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এই অভিনেতার।
সোনিয়া বলেন, ‘চিকিৎসকরা ইলিয়াস কাঞ্চনকে কথা কম বলার পরামর্শ দিয়েছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তার সুস্থতায় আমরা সবার কাছে দোয়া চাই।’
ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
/এমএস