অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে নির্বাচনকে ঘিরে অগ্রাধিকারমূলক সব ধরনের কাজ এগিয়ে নিচ্ছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২০ মার্চ) পাঁচটি এজেন্ডাভিত্তিক- সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির সভা ডাকা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে বেলা ১১টায় কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ; রাজনৈতিক দলের নিবন্ধন; নির্বাচন পর্যবেক্ষণ দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন; ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা এবং নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম।
সংসদ নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে উন্নয়ন সহযোগীদের ধাপে ধাপে কাজের অগ্রগতি তুলে ধরছেও নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন। নিবন্ধিত দলসহ অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ না করলেও বিএনপি, জামায়াত কমিশনের সঙ্গে বৈঠক করেছে। চলমান সংস্কার উদ্যোগের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষিত সময় ধরেই চলছে ইসির এসব প্রস্তুতি।
এলিস/এমএ/