দেশের ইন্ডিপেন্ডেন্ট মেরিন সার্ভেয়ারদের একমাত্র সংগঠন মেরিন সারভেয়র্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এফবিসিসিআই অধিভুক্ত)-এর উদ্যোগে মেরিন সার্ভেয়ারদের সদস্যদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
গত ১৩ জুন চট্টগ্রাম নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন সাখাওয়াত হোসাইন কমল। সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি ক্যাপ্টেন আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মো. শফিউল বারি। কর্মশালার উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা ক্যাপ্টেন আনাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে কমোডোর মো. শফিউল বারি প্রশিক্ষণ কর্মশালা উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, মেরিন সার্ভেয়রের মতো বিশেষায়িত একটি পেশার ধারা বজায় রাখতে ও মান উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। এ ব্যাপারে অধিদপ্তরের সহযোগিতার আশ্বাস দেন এবং বক্তব্য শেষে প্রধান অতিথি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন, নৌপরিবহণ অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ ও চিফ ইঞ্জিনিয়ার সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন সালাহউদ্দিন চৌধুরি, নটিক্যাল ইনস্টিটিউট, চট্টগ্রাম শাখার চেয়ারম্যান ক্যাপ্টেন এম আব্দুল মালেক, আইএমএআরইএসটি এর প্রতিনিধি ইঞ্জিনিয়ার আইনুল কামাল, ভ্যানগার্ড মেরিটাইম লিমিটেড-এর সিইও ক্যাপ্টেন তাহের আফতাব চৌধুরি, জেএফ (ফিনলে) বাংলাদেশ লিমিটেড এর জিএম জনাব সালাউদ্দিন চৌধুরী এবং ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেড এর সিনিয়র জিএম ফখরুল হাসান চৌধুরী।
কর্মশালায় প্রফেশন অব মেরিন সার্ভেইং, ড্রাফট অ্যান্ড আলেজ সার্ভে, মেরিন ইনসিডেন্ট, ইনভেস্টিগেশন এবং রিপোর্টিং-এ চারটি বিষয়ের উপর আলাদা সেশনে প্রশিক্ষণ পরিচালনা করেন যথাক্রমে ক্যাপ্টেন জিল্লুর রহমান ভুঁইয়া, ক্যাপ্টেন সাইফুদ্দিন মেহেদী ও ক্যাপ্টেন মোজাহারুল ইসলাম, ক্যাপ্টেন এম এ ফসিহুর রহমান এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস। প্রায় ১৩০ জন সদস্য মেরিন সার্ভেয়ার এই ওয়ার্কশপ-এ অংশগ্রহণ করেন। এর মধ্যে দেশ-বিদেশে অবস্থানরত প্রায় ৪৫ জন সদস্য সরাসরি অনলাইন সম্প্রচারে যুক্ত হয়ে এই অনুষ্ঠানে যোগ দেন ।
দেশের জাতীয় আমদানি-রপ্তানি বাণিজ্য ও শিপিং সেক্টরে মেরিন সারভেয়র্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সদস্যরা নিয়মিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। মেরিন সার্ভে ও কনসালট্যান্সি কার্যক্রমের মাধ্যমে এ সংগঠনের সদস্যরা উল্লেখযোগ্য পরিমাণে জাতীয় শুল্ক আহরণে সরাসরি সম্পৃক্ত থাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আহরণ করে রাষ্ট্রীয় কোশাগার সমৃদ্ধ করে চলেছেন।
সভাপতির বক্তব্যে ক্যাপ্টেন সাখাওয়াত হোসাইন কমল বলেন, সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে অ্যাসোসিয়েশন প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের কর্মপরিকল্পনা ভবিষ্যতে নিয়মিতভাবে গ্রহণ করা হবে। প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।
নাঈম/