চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধে আব্দুল মান্নান পাটওয়ারী (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আত্মগোপনে থাকা অভিযুক্ত প্রধান আসামি সুমন পাটোয়ারীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) দুপুরে গ্রেপ্তার সুমন পাটোয়ারীকে চাঁদপুর আদালতে সোপর্দ করে মতলব দক্ষিণ থানা পুলিশ। এর আগে রবিবার (১৪ জুন) রাতে রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।
পুলিশ জানায়, থানার ওসির দিকনির্দেশনা উপ-পরিদর্শক (এসআই) সাকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আত্মগোপনে থাকা মান্নান হত্যার প্রধান আসামি উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকার সুমনকে বিভিন্ন কৌশল অবলম্বন ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিএমপির হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে রবিবার রাতে গ্রেপ্তার করেন। ঘটনার পর সুমন দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। তিনি কিছুদিন ধরে বিভিন্ন জায়গা পরিবর্তন করে আসছিলেন।
স্থানীয়রা জানান, গ্রেপ্তার সুমন পাটোয়ারী মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সুমন পাটোয়ারীর কিশোর গ্যাং বাহিনী আছে। তার বিরুদ্ধে মুন্সিরহাট বাজারে দোকান দখল, চাঁদাবাজি ও অপরাধমূলক কাজের অভিযোগ আছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, হত্যা মামলার প্রধান আসামি সুমন পাটোয়ারীর মা ও তার বউকে গ্রেপ্তার করে গত ৪ জুন আদালতে পাঠানো হয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
ফয়েজ/নাঈম