বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতির উৎসব উদ্যাপিত হয়েছে। এদিকে রাজধানী ঢাকাসহ দেশের ৫ জেলায় বুদ্ধ পূর্ণিমার সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে, বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
রবিবার ( ১১ মে) সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে সম্মিলিত শান্তি শোভাযাত্রার আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘বাংলাদেশের সব জাতিগোষ্ঠী ও ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার রয়েছে,সামাজিক বৈষম্য নিরসনে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে আমরা প্রথমবারের মতো ঢাকাসহ ৫টি জেলায় বুদ্ধ পূর্ণিমার সাংস্কৃতিক উৎসব উদ্যাপনের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও দেশব্যাপী এই উৎসব উদ্যাপনের পরিকল্পনা রয়েছে।’
শোভাযাত্রা উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘গৌতম বুদ্ধ শান্তির কথা, লোভ-লালসা থেকে দূরে থাকার কথা এবং বর্তমানকে নিয়ে সন্তুষ্ট থাকার কথা বলেছেন। এই মুহূর্তে তার এসব বাণী ও শিক্ষা খুবই প্রাসঙ্গিক। এসব শান্তির বাণী আমাদের জাতীয় জীবনে প্রতিফলন ঘটাতে হবে।’
এতে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার, জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনায় শেষে জাতীয় জাদুঘরের সামনে থেকে শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।
আরিফ জাওয়াদ/রিফাত