ঈদুল আজহা উপলক্ষে রেলযাত্রার দ্বিতীয় দিনে রবিবার কমলাপুর থেকে পাঁচটি ট্রেন বিলম্বে ছেড়েছে। এতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের তেমন চাপ ছিল না। তবে টিকিটের সংকট দেখিয়ে কোথাও কোথাও বাড়তি টাকা আদায় করা হচ্ছিল বলে অভিযোগ করেন যাত্রীরা। গতকাল রবিবার সরেজমিনে খোঁজখবর নিয়ে এ তথ্য জানা যায়।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ছেড়েছে ৯টা ৩০ মিনিটে। সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস বেলা ১১টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ছাড়ে দুপুর সাড়ে ১২টার দিকে। জামালপুরের তারাকান্দাগামী অগ্নিবীণা এক্সপ্রেস বেলা ১১টা ৩০ মিনিটে ছাড়ার কথা থাকলেও দুপুর ১২টা পর্যন্ত ৬ নম্বর প্ল্যাটফর্মেই অবস্থান করছিল। এ ছাড়া চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস (৮০২) বেলা ২টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সংশোধিত শিডিউল অনুযায়ী এটি বেলা ২টা ৫০ মিনিটে ছেড়েছে। সিলেটগামী কালনী এক্সপ্রেস (৭৭৩) বেলা ২টা ৫৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও ছেড়েছে বিকেল সাড়ে ৪টার দিকে।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. সাজেদুল ইসলাম বলেন, ‘জয়ন্তিকা এক্সপ্রেসের লোকোমোটিভে কিছুটা সমস্যা হয়েছিল। তাই দেরি হয়েছে। অন্য ট্রেনগুলোর শান্টিংয়ের (রেলের সব রোলিং স্টক সংযুক্ত করার প্রক্রিয়া) সময় বেশি লাগায় প্ল্যাটফর্মে আসতে দেরি করেছে।
এদিকে রবিবার ভোর ৬টা থেকেই যাত্রীদের চাপ ছিল ঢাকা রেলওয়ে স্টেশনে। গতকাল ঢাকা থেকে ৪৩টি আন্তনগর ট্রেন পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের উদ্দেশে ছেড়ে গেছে।
এদিকে ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশপথে দ্বিতীয় দিনে রেল টিকিট নিরীক্ষকরা আরও কড়া নজরদারি করেন। টিকিটবিহীন যাত্রী পেলে জরিমানা আদায় করা হচ্ছিল। তাদের স্ট্যান্ডিং টিকিট কাটতে বাধ্য করছিলেন দায়িত্বশীলরা। এদিনও বেশ কয়েকজন যাত্রীকে তারা জরিমানা করেছেন।
মো. সাজেদুল ইসলাম বলেন, ‘এবার রেলযাত্রায় কেউ যাতে বিনা টিকিটে ভ্রমণ করতে না পারেন, সেদিকে কড়া নজরদারি রাখছে রেলওয়ে কর্মীরা। ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশপথে মোবাইল কোর্টের একটি বুথ থাকলেও সেখানে রেলের কোনো কর্মকর্তা, কর্মচারী কাউকে দেখা যায়নি।’
ঈদুল আজহায় ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে তিনটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল রবিবার জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ক্যাটেল স্পেশাল-১ বিকেল ৫টায় ছেড়ে আসে। ট্রেনটি ঢাকায় পৌঁছায় আজ ভোর সাড়ে ৬টায়। ক্যাটেল স্পেশাল-২ জামালপুরের ইসলামপুর বাজার থেকে রবিবার বেলা ৩টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছায় রবিবার রাত ১টা ৫০ মিনিটে। ক্যাটেল স্পেশাল-৩ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে মঙ্গলবার বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে পরদিন ভোর সাড়ে ৬টায়। প্রতিটি ক্যাটল স্পেশাল ট্রেনে ব্রেকভ্যানসহ মোট ২৬টি কোচ যুক্ত রয়েছে।
বাস টার্মিনালে চাপ নেই
ঢাকার তিনটি আন্তজেলা বাস টার্মিনাল- গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী ঘুরে দেখা গেছে, ঈদে ঘরমুখো মানুষের চাপ তেমন নেই। তবে যাত্রী কম হলেও পরিবহন মালিকরা দেড় থেকে দুই গুণ ভাড়া বেশি রাখছেন বলে অভিযোগ করেন যাত্রীরা। তারা জানান, এসি বাসগুলোতে আদায় করা হচ্ছে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০ থেকে ৪০০ টাকা বেশি।
মহাখালী বাস টার্মিনালে সিলেটগামী এসি বাসের টিকিটের দাম রাখা হচ্ছে ১ হাজার ২০০ টাকা, যার নিয়মিত ভাড়া ৯০০ টাকা। রংপুরগামী এসি বাসের ভাড়া নেওয়া হচ্ছে বাসভেদে ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকা, যেখানে আগে ছিল ১ হাজার টাকা থেকে ১ হাজার ২০০ টাকা। একই অবস্থা রাজশাহীগামী এসি বাসের ভাড়ারও।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক ইঞ্জিনিয়ার শীতাংশু শেখর বিশ্বাস বলেন, ‘আমরা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। কোনো যাত্রী যদি অভিযোগ করেন, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। ভাড়া কম-বেশি হওয়ার নিয়ম নেই। নির্ধারিত চার্ট অনুসরণ করতেই হবে। যাত্রীসংকট বা ছুটির অজুহাতে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। তবে বিআরটিএ এসি বাসের ভাড়া নির্ধারণ করে না। মালিকরা নিজেদের মতো চালান।’