নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন কর কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তারা হলেন- ঢাকা কর অঞ্চল-৫-এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবির ও উপ-কর কমিশনার লিংকন রায়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) কমিশনের নিয়মিত সভায় মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়। দাপ্তরিক প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাগুলো রুজু করবেন সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
দুদক সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট গত ১০ জুলাই ঢাকার কর অঞ্চল-৫, সার্কেল-৯০ (কোম্পানি)-এর কার্যালয়ে অভিযান চালায়। অভিযোগে বলা হয়, এক করদাতা প্রতিষ্ঠানের আয়কর নথি গায়েব করে সরকারের ১৪৬ কোটি ৫৭ লাখ টাকার রাজস্ব ক্ষতি করা হয়েছে। দুদকের অভিযানে পাওয়া তথ্য অনুসারে, অভিযোগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষে নির্ধারিত আয়কর ছিল যথাক্রমে ৭২ কোটি ৯৬ লাখ টাকা ও ৭৩ কোটি ৬১ লাখ টাকা- মোট ১৪৬ কোটি ৫৭ লাখ টাকা। এই রাজস্ব আদায়ে আয়কর আইনে মামলাও হয়। কিন্তু পরবর্তী সময়ে মামলাগুলো জাতীয় রাজস্ব বোর্ডের নিরীক্ষায় নির্বাচিত হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নথির ভিত্তিতে কর দাবি নির্ধারণ করেন যথাক্রমে শূন্য টাকা ও ১ হাজার ২৯৯ টাকা। এটি অস্বাভাবিক, সন্দেহজন ও উদ্দেশ্যমূলক। দুদকের অভিযান চলার সময়ে ১৪৬ কোটি টাকার কম কর নির্ধারণী আদেশের মূল ফাইলগুলোও খুঁজে পাওয়া যায়নি। এতে প্রতীয়মান হয়েছে, ফাইলগুলো উদ্দেশ্যমূলকভাবে গায়েব করা হয়েছে এবং গায়েব করার সঙ্গে জড়িত ঢাকা কর অঞ্চল-৫-এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবির ও উপকর কমিশনার লিংকন রায়।