আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যাত্রী সাধারণ, ট্রেন এবং রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
শনিবার (৩১ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। সে ক্ষেত্রে গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, রেলের যাত্রী সাধারণ, ট্রেন চলাচল এবং রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন নিয়মিতভাবে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, কোনো ধরনের নাশকতা বা রেল যাত্রী, ট্রেন কিংবা রেল অবকাঠামোর ক্ষতিসাধনের চেষ্টা নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেলস্টেশনে দায়িত্বরত কর্মচারী, সংশ্লিষ্ট গেটকিপার অথবা রেল পুলিশকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি, বাংলাদেশ রেলওয়ের হটলাইন নম্বর ১৩১-এ ফোন করেও কর্তৃপক্ষকে অবহিত করার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
জয়ন্ত/মাহফুজ