নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেওয়ার পর আগামীকাল বুধবার সচিবালয়ে সচিবদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।
সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার উপস্থিতিতে প্রথম সচিব সভা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার বেলা ৩টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
নতুন সরকারের নীতিগত অগ্রাধিকার, প্রশাসনিক দিকনির্দেশনা এবং দ্রুত বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
রাজনৈতিক পালাবদলের পর বিকেলে শপথ নেওয়ার মাধ্যমে নতুন মন্ত্রিসভা গঠমের মাধ্যমে সরকার প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন তারেক রহমান।
প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এবং মন্ত্রণালয়গুলোর কাজের সমন্বয় নিশ্চিত করতে আগামীকালের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রথম বৈঠকেই সচিবদের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।
বিশেষ করে অর্থনীতি, আইনশৃঙ্খলা, প্রশাসনিক সংস্কার এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়গুলো অগ্রাধিকার পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টনের পর কার্যকর সমন্বয় গড়ে তুলতে এই সচিব সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠককে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন সরকারের কার্যক্রম দ্রুত গতিতে শুরু করতে প্রধানমন্ত্রীর দপ্তর সক্রিয় রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বুধবার (১৮ ফেব্রুয়ারির) এই সচিব সভা সরকারের ভবিষ্যৎ কর্মপন্থার ইঙ্গিত দেবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের অগ্রাধিকার, প্রশাসনিক কৌশল এবং বাস্তবায়ন রূপরেখা সম্পর্কে এ বৈঠক থেকেই স্পষ্ট বার্তা আসতে পারে।
সব মিলিয়ে আগামীকাল বুধবারের এই বৈঠক নতুন সরকারের পথচলার প্রথম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রশাসনিক কর্মকাণ্ডে গতি ও সমন্বয় নিশ্চিত করতে এই বৈঠক কতটা কার্যকর ভূমিকা রাখে, সেদিকে এখন সবার নজর।
তপন/অমিয়/