গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ায় ভয়ের পরিবেশ দূর হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২১ মার্চ) সকালে নগরীর ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে বাড়ির পাশের দারুছ সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ একটু ভিন্ন। সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে। রাজনৈতিকভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। এভাবে ঈদের ভ্রাতৃত্ব, ভালোবাসা অবিরতভাবে চলতে থাকবে। আগামী দিনের বাংলাদেশ হবে রেইনবো বাংলাদেশ। এখানে নাগরিকদের মধ্যে কোন ধরনের ভেদাভেদ থাকবে না’।
খসরু বলেন, ‘মানুষ মুক্ত পরিবেশ না পেলে ঈদের আনন্দ তেমন আসে না। এবারের পরিবেশ ভিন্ন। জাতি ধর্ম-বর্ণ নির্বশেষে সব শ্রেণি-পেশার মানুষ এখন ভিন্ন পরিবেশে ঈদ আনন্দ উপভোগ করছেন। আমরা যাতে এভাবেই থাকতে পারি। দেশটা যাতে এভাবেই থাকে। সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে, চলতে পারে। মানুষ যেন সব সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে। আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, নির্বাচনের পর মনে হয় সেটা বহুলাংশে ফিরে পেয়েছি।’
মন্ত্রী দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে বিএনপি নেতা ইসরাফিল খসরুসহ পরিবারের সদস্য এবং রাজনৈতিক কর্মীরা।
অমিয়/