সরকার নাবিকদের সংখ্যা বাড়ানোর চেয়ে প্রশিক্ষণের মানোন্নয়ন করে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম, দক্ষ নাবিক তৈরিতে মনোযোগ দিচ্ছে বলে বলেছেন নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মাদারীপুর সদর উপজেলার এওজ এলাকার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট-এ ৯৫ জন নাবিকের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান যুগে বিশ্ব নৌ সেক্টর অনেকে পরিবর্তিত হয়েছে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত, যা দেশের জন্য গৌরবের। এই মান বজায় রাখতে ও আধুনিক যুগের সাথে সমন্বয় করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।
তিনি বলেন, প্রশিক্ষণ নেওয়া তরুণরা দেশি-বিদেশি জাহাজে চাকুরির সুযোগ পাবে। এতে একদিকে দেশের নৌদুর্ঘটনা কমে আসবে। অন্যদিকে বিদেশি জাহাজে দায়িত্ব পালন করে বিশ্ব দরবারে দেশের সুনাম ছড়িয়ে পড়বে। পাশাপাশি রেমিট্যান্স খাতেও অবদান রাখবে তারা।
অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আল মিয়া, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাকারিয়া, নৌপরিবহণ অধিদফতরের মহাপরিচালক কমডোর শফিউল বারী ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌ প্রকৌশলী শহিদ উল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মো. রফিকুল ইসলাম/এসএন