আজও জ্বলজ্বল করে উনসত্তরের গণ-অভ্যুত্থানের স্মৃতি। যে অভ্যুত্থানে আমাদের মুক্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। সে সম্ভাবনাটিকে নির্বাচন অভিমুখে ঠেলে দিয়ে অভ্যুত্থানকে উদ্দেশ্যমূলক বানচাল করা হয়েছিল। একাত্তরের গণহত্যা আমাদের পুনরায় মুক্তিযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। আমরা যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাভূত করে বিজয় অর্জন করলেও; সে বিজয় সমষ্টিগত মানুষের বিজয়ে পরিণত না হওয়ার কারণে মুক্তির লড়াই শেষ হয়ে যায়নি। মুক্তির লড়াই আজও চলছে এবং চলবে অবিরাম...
ধর্মীয় জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই ধর্মীয় জাতীয়তার বিপরীতে ভাষাভিত্তিক জাতীয়তার উন্মেষ ঘটেছিল রাষ্ট্রভাষা আন্দোলনে। ধর্মীয় জাতীয়তাবাদে প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল রাষ্ট্রভাষা আন্দোলনেই। আমাদের জাতীয়তাবাদী আন্দোলনে সূতিকাগার হিসেবে বায়ান্নর একুশে ফেব্রুয়ারির রক্তাক্ত দিনটিকে অনায়াসে চিহ্নিত করা যায়। একই ভাবে স্বাধিকার-স্বাধীনতার অভিমুখে অগ্রযাত্রায় উনসত্তরের গণ-অভ্যুত্থান দিবস ২৪ জানুয়ারি আমাদের রাজনৈতিক ইতিহাসের যুগান্তকারী একটি দিন। উনসত্তরের পটভূমি তৈরি হয়েছিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামে। চূড়ান্তে আগরতলা ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে মওলানা ভাসানীর নেতৃত্বে দুর্বার গণ-আন্দোলন গড়ে ওঠে। উনসত্তরের গণ-অভ্যুত্থান আমাদের স্বাধীনতার সোপান বলা যায়, উনসত্তরই নির্ধারণ করে দিয়েছিল পাকিস্তান রাষ্ট্র ভেঙে পৃথক রাষ্ট্র গঠনের অভিযাত্রা।
পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে জাতিগত শোষণ-নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতি ক্রমাগত ক্ষুব্ধ হয়ে উঠেছিল। রাষ্ট্রভাষা আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আইয়ুব, মোনায়েম গং কর্তৃক শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত করা হয়। মামলাটি যে রাজনৈতিক মতলব হাসিলে শেখ মুজিবকে ফাঁসানোর ষড়যন্ত্র ছিল, এটি সর্বস্তরের মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। এই মামলার অভিযুক্ত বেশির ভাগই ছিলেন পাকিস্তান সামরিক বাহিনীর এবং বেসামরিক আমলাতন্ত্রের বাঙালি সদস্য। জাতিগত বৈষম্যের শিকার বিক্ষুব্ধ বাঙালি সামরিক সদস্যরা সংগঠিত হয়ে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা নেয়। কিন্তু অভ্যুত্থান ঘটানোর আগেই তথ্য ফাঁস হওয়ার কারণে সামরিক গোয়েন্দারা দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে তাদের আটক করে। দায়ের করা মামলায় শেখ মুজিবকে প্রধান অভিযুক্ত করার ফলে মামলাটি বিশ্বাসযোগ্যতা হারায়। অথচ ব্যর্থ হওয়া সামরিক অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন মামলার দ্বিতীয় অভিযুক্ত নৌ-বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন। তার নেতৃত্বেই সামরিক সদস্যরা অভ্যুত্থানের পরিকল্পনা গ্রহণ করেছিল। লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনকে তাই প্রাণ বিসর্জন দিতে হয়েছিল গণহত্যার শুরুতে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে তার এলিফ্যান্ট রোডের বাসা থেকে ওই রাতেই তাকে আটক করে হত্যা করা হয়।
আগরতলা ষড়যন্ত্র মামলায় বিচার চলে ঢাকা ক্যান্টনমেন্টের সামরিক আদালতে। অভিযুক্তদের বিচারিক কার্যক্রমের সময় সাংবাদিক আতাউস সামাদের মাধ্যমে শেখ মুজিব মওলানা ভাসানীকে মামলায় অভিযুক্তদের মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে চিঠি দেন। ওই চিঠি প্রাপ্তির পরই মওলানা ভাসানী শেখ মুজিবসহ অভিযুক্তদের মুক্তি এবং আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিলের দাবিতে আন্দোলনের ডাক দেন। ধর্মঘট, হরতাল, সমাবেশ সংঘটনে বিক্ষুব্ধ দেশবাসী সাড়া দেওয়ার ফলে আন্দোলন স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে এবং আন্দোলন গণ-অভ্যুত্থানে পরিণত হয়। অচল হয়ে পড়ে পাকিস্তানিদের প্রশাসনিক কর্তৃত্ব। অভ্যুত্থানের তীব্রতর পরিস্থিতি সামাল দিতে আইয়ুব খান বাধ্য হয়ে মামলা প্রত্যাহারে এবং অভিযুক্তদের মুক্তি দিয়েও নিজের ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হন। পাকিস্তানি সেনাবাহিনী আইয়ুব খানের ওপর সমর্থন প্রত্যাহারের ফলে আইয়ুবকে সরে যেতে হয়। একই ঘটনা ঘটেছে নব্বইয়ের গণ-অভ্যুত্থানে এবং সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানে। সেনাবাহিনীর সমর্থন হারানোর ফলেই পতন ঘটেছে এরশাদ এবং শেখ হাসিনা সরকারের। আইয়ুবের বিদায় এবং তার স্থলে সামরিক শাসক জেনারেল ইয়াহিয়ার আগমন ঘটে। আন্দোলন দমনে কৌশল অবলম্বনে নির্বাচনের মূল আকর্ষণে জাতীয় নেতৃত্ব কর্তৃক পরিসমাপ্তি ঘটে একটি সম্ভাবনাময় অভ্যুত্থানের পরিণতি। অথচ এই অভ্যুত্থানেই আমাদের বিজয় অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছিল।
গণ-অভ্যুত্থানের ব্যক্তিগত স্মৃতি, ২০ জানুয়ারি হরতালের দিন ছাত্র-সংগ্রাম পরিষদের মিছিলে পুলিশের গুলিতে আসাদ শহিদ হওয়ার পর আন্দোলনের গতি স্ফুলিঙ্গের মতো দেশব্যাপী ছড়িয়ে পড়ে। শেখ কাদেরের নেতৃত্বে আমরা আজিমপুর এলাকায় মিছিল বের করি। আজিমপুর শাহসাহেব বাড়ি বটতলার পাশে আসাদদের পারিবারিক বাসায় মিছিল নিয়ে পৌঁছাই। বাসার দোতলা থেকে আমাদের উদ্দেশ্যে আসাদের ফ্রেমে বাঁধানো ছবি নামিয়ে দেয় তার পরিবারের লোকেরা। এতে দ্রুত মিছিলটি জঙ্গিরূপ ধারণ করে। তীব্র স্লোগানে মিছিলটি জঙ্গি হয়ে ওঠে। আমরা মিছিল নিয়ে এলাকা প্রদক্ষিণ করে নীলক্ষেত হয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার মুহূর্তে পুলিশের গাড়ি এসে লাঠিচার্জ করে আমাদের মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়।
উত্তাল উনসত্তরে আমি স্কুল থেকে বের হওয়া মিছিলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বটতলার সমাবেশে যোগ দিতাম। মিছিলে মহিউদ্দিন ইউসুফ মন্টু চাচা ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু চাচার নজরে আসার পর আমার নিরাপত্তার স্বার্থে আমাকে পুরানা পল্টন লেনে দাদির হেফাজতে পাঠানো হয়। এক প্রকার গৃহবন্দি করা হয় আমাকে। ২৪ জানুয়ারি হরতালের দিন আমি দাদির হেফাজতে রয়েছি। পল্টন অঞ্চলের মিছিল, টিয়ারগ্যাস নিক্ষেপের তীব্র শব্দে উত্তেজিত আমি একসময় কাউকে না জানিয়ে বেরিয়ে পড়ি। যোগ দিই প্রেস ক্লাবের দিক থেকে মতিঝিলের পূর্ব দিকের সড়ক অভিমুখে যাওয়া জঙ্গি মিছিলে। ইতোমধ্যে পুলিশের গুলিতে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউরের নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়েছিল। জঙ্গি মিছিলটি দৈনিক পাকিস্তান পত্রিকার মোড়ে যাওয়া মাত্র বিক্ষুব্ধ ছাত্র-জনতা দৈনিক পাকিস্তান, মর্নিং নিউজ পত্রিকার কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পত্রিকার কার্যালয়ের বিপরীতের মুসলিম লিগার লস্করের পেট্রল পাম্পটিতেও আগুন দেওয়া হয়। চারদিকে আগুনের লেলিহান। যে যেদিকে পারে নিরাপদ স্থানের খোঁজে এদিক সেদিক ছোটাছুটি করছে, এমনি সময় পুলিশ টিয়ারগ্যাস এবং বেপরোয়া লাঠিচার্জ শুরু করে। টিয়ার গ্যাসের তীব্র ধোঁয়া আর পুলিশের লাঠির আঘাত খেয়ে বহুকষ্টে দাদার বাড়ি ফিরে আসি।
তিরস্কারের মানসিক প্রস্তুতি নিয়ে দাঁড়াই দাদির সামনে। আমার বিধ্বস্ত অবস্থা দেখে আমাকে গোসল করার আদেশ দেন। চোখে প্রচণ্ড জ্বালা-যন্ত্রণায় গোসলে কিছুটা স্বস্তি বোধকরি। নতমুখে পুনরায় দাদির সামনে দাঁড়াই। দাদির চোখের দিকে তাকানোর শক্তি ও সাহস কোনোটা আমার তখন ছিল না। দাদি বলেন, ‘তোমার কিছু হলে তোমার বাবা-মাকে আমি কি জবাব দিতাম? তুমি আজ যা করেছো তা কি সঠিক বলে মনে করো?’ আমি নতমুখে বলি, ‘না’। তিনি বলেন, ‘এটা যদি বুঝে থাকো তবে ভবিষ্যতে নিশ্চয় এমনটি আর করবে না?’ আমি পুনরায় ‘না’ বললে আমাকে শোবার উপদেশ দিয়ে শেষে বললেন, ‘তুমি তো ফিরছো। আরেকজন কি ফিরবে-না লাশ হয়ে ফিরবে, জানি না।’ নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু চাচার উদ্দেশে শেষের আশঙ্কার কথাটি তিনি বলেছিলেন।
২৪ জানুয়ারি প্রতি বছর ঘুরে ফিরে আসে। আজও জ্বলজ্বল করে উনসত্তরের গণ-অভ্যুত্থানের স্মৃতি। যে অভ্যুত্থানে আমাদের মুক্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। সে সম্ভাবনাটিকে নির্বাচন অভিমুখে ঠেলে দিয়ে অভ্যুত্থানকে উদ্দেশ্যমূলক বানচাল করা হয়েছিল। একাত্তরের গণহত্যা আমাদের পুনরায় মুক্তিযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। আমরা যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাভূত করে বিজয় অর্জন করলেও; সে বিজয় সমষ্টিগত মানুষের বিজয়ে পরিণত না হওয়ার কারণে মুক্তির লড়াই শেষ হয়ে যায়নি। মুক্তির লড়াই আজও চলছে এবং চলবে অবিরাম, সমষ্টিগত মানুষের অধিকার ও মুক্তি না-হওয়া অবধি।
লেখক: নির্বাহী সম্পাদক, নতুন দিগন্ত
[email protected]

