বাংলাদেশের রয়েছে মুক্তিযুদ্ধের আদর্শনির্ভর এক দৃঢ় ভিত্তি–সাম্য, মানবাধিকার, মানবমর্যাদা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িকতা। একটি ন্যায়ভিত্তিক মানবিক সমাজ নির্মাণের জন্য প্রয়োজনীয় মূল্যবোধ ও কার্যকারণ তাই বংলাদেশের জন্মলগ্মেই নিহিত। এ পর্যন্ত দেশকে সে পথে তেমন পরিচালনা করা হয়নি; তাই বলে তা কখনো বাস্তবায়িত হবে না–এ কথা বলা যায় না। বরং সেই আদর্শিক তাগিদ বাস্তবায়িত হওয়া বাঞ্ছনীয়।...

জন্মের সময় মানুষের মাথায় স্বাধীনতার তিলক থাকে এবং তখন মানবমর্যাদা ও সব মানবাধিকার তার প্রাপ্য থাকে। কিন্তু সমাজ ও রাজনৈতিক ব্যবস্থা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। ক্ষমতা ও সম্পদের বদৌলতে কিছু মানুষ সমাজের ওপরতলা দখলে নেয়। তাদের দাপটে অসংখ্য মানুষ ছিটকে পড়ে জন্মগত অধিকার থেকে। তারা হয় দরিদ্র, বঞ্চিত, অবহেলিত, অনেক সময় লাঞ্ছনার শিকার।
বর্তমান সময়ে সম্পদে-প্রযুক্তিতে পৃথিবী অচিন্তনীয় উচ্চতায় অধিষ্ঠিত। থেমে নেই অগ্রগতি–উভয় ক্ষেত্রে দ্রুত নতুন নতুন চূড়া প্রতিষ্ঠিত হচ্ছে। অপরদিকে পৃথিবীর সর্বত্র, বিশেষ করে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে পিছিয়ে থাকা, পিছিয়ে পড়া ও পিছিয়ে রাখা মানুষের লম্বা মিছিল বিদ্যমান। বিশ্বব্যাপী বিভাজনের এই কুৎসিত স্বরূপ বোঝার জন্য নিম্নোক্ত তথ্য কয়েকটিই যথেষ্ট। বিশ্ব বৈষম্য প্রতিবেদন-২০২২ (World Inequality Report 2022) অনুযায়ী, বিশ্বের অতি ধনী ১০ শতাংশ মানুষের মালিকানায় বিশ্বের ৭৬ শতাংশ সম্পদ, তার মধ্যে ৪০ শতাংশের হাতে ২২ শতাংশ আর পেছনের ৫০ শতাংশের হাতে মাত্র ২ শতাংশ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মূল্যের ভারসাম্য রক্ষাকারী ডলারে দৈনিক ৩ দশমিক শূন্য ডলার আয়সীমার ভিত্তিতে বিশ্বে অতি দারিদ্র্যকবলিত মানুষের সংখ্যা ৮০৮ মিলিয়ন (৯ দশমিক ৯ শতাংশ), আর দৈনিক আয়সীমা ৮ দশমিক ৩০ শতাংশ পিপিপি ডলারের ভিত্তিতে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন (৪৫ শতাংশ)। যেখানে বর্তমানে সম্পদ ও প্রযুক্তিতে বিশ্ব সনৈ সনৈ করে শিখরে ওঠার উদাহরণ স্থাপন করে চলেছে, সেখানে বৈষম্য ও দারিদ্র্যের এই ভয়াবহতা মানবতার চরম অবমাননা এবং মানবতার ধ্বজা সমুন্নত রাখতে বিশ্বনেতাদের নৈতিক ও নীতিগত গুরুতর সীমাবদ্ধতার নির্দেশক।
এবার আসি বাংলাদেশের কথায়। প্রাপ্ত তথ্য থেকে দেখা যায়, বাংলাদেশে সর্বোচ্চ ধনী ১০ শতাংশ মানুষের হাতে দেশের মোট সম্পদের ৫৮ শতাংশ এবং জাতীয় আয়ের ৪১ শতাংশ। অপরদিকে, সবচেয়ে পেছনের ১০-এর হাতে জাতীয় আয়ের ১ দশমিক ৩১ শতাংশ এবং জাতীয় সম্পদের ১ শতাংশের কম। পেছনের ৫০ শতাংশ মানুষের মালিকানায় রয়েছে জাতীয় সম্পদের মাত্র ৪ দশমিক ৭ শতাংশ এবং জাতীয় আয়ের ১৯ শতাংশ।
বিশ্বব্যাপী সম্পদ ও আয় বিভাজনের তুলনায় বাংলাদেশে তা খানিকটা কম প্রকট। বলাবাহুল্য, তার পরও অতি প্রকট। মৌলিক চাহিদার খরচের ভিত্তিতে বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ২১ দশমিক ৪ থেকে ২২ দশমিক ৯ শতাংশের মধ্যে। বিদ্যমান সম্পদ ও আয় বিভাজন থেকে প্রতীয়মান হয় যে, বাংলাদেশে দারিদ্র্যসীমার ওপরের অসংখ্য মানুষ সেই সীমার এত সন্নিকটে যে তাদের নানা টানাপোড়নের মধ্যদিয়ে চলতে হয়। দরিদ্র এবং দরিদ্রসম মানুষের অনুপাত দেশের সব মানুষের ৬০ বা ততধিক শতাংশ হতে পারে।
দারিদ্র্য শুধু অর্থনৈতিক বিষয় নয়। দারিদ্র্য আসলে মহুমাত্রিক, যেমন জীবনের নানা মাত্রা রয়েছে। আয় ছাড়াও মাত্রাগুলোর মধ্যে রয়েছে: শিক্ষা, স্বাস্থ্য, সক্ষমতা, সমাজে অবস্থান, আইনের বিচারের নিশ্চয়তা, সব মানবাধিকারে যথাযথ অভিগম্যতা এবং মানব-মর্যাদা। এই নিরিখে বিচার করলে দেখা যাবে পৃথিবীর অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে বঞ্চিত। মুষ্টিমেয়ের নিয়ন্ত্রণে রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি ও সমাজব্যবস্থা। অবশ্য উন্নত বিশ্বে আইনের শাসনের প্রচলন তুলনামূলকভাবে উন্নতমানের থাকায়, দেখা যায় মৌলিক মানব স্বাধীনতা মোটামুটি সবাই ভোগ করেন।
লক্ষণীয়, পৃথিবীর প্রায় সর্বত্র ওয়াশিংটন সমঝোতা-ভিত্তিক নব্য উদারতাবাদ দাপটের সঙ্গে বিরাজমান। এর মূল সুর হলো যাদের যত বেশি সম্পদ ও ক্ষমতা আছে তারাই অগ্রগতির সিংহভাগ নিজেদের করে নেয়।
তদুপরি, উন্নয়নশীল বিশ্বে অনেক ক্ষেত্রে বাস্তবতা এমন যে, সংশ্লিষ্ট দেশগুলো ক্ষমতাধর রাষ্ট্রগুলোর ভূরাজনৈতিক স্বার্থের বলি হয় বিভিন্নভাবে। কোনো কোনো ক্ষেত্রে ক্ষমতার পরিবর্তনও ঘটানো হয়। আবার উন্নয়নশীল বিভিন্ন দেশে অনেক সময় আন্তর্জাতিক যোগসাজশে দেশ পরিচালনা করা হয়, ক্ষমতাবলয়ের স্বার্থ রক্ষার কৌশল হিসেবে।
এ বাস্তবতায় কোনো উন্নয়নশীল দেশে মানবকেন্দ্রিক কাঙ্ক্ষিত পরিবর্তন কীভাবে সম্ভব হতে পারে, সে প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসে। পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে, কিন্তু তার জন্য প্রয়োজন জনমুখী রাষ্ট্রচিন্তা, গণতান্ত্রিক জবাবদিহি, মানবাধিকারের প্রতি অঙ্গীকার এবং বৈষম্য হ্রাসে কার্যকর রাজনৈতিক সদিচ্ছা। বিদ্যমান বৈশ্বিক ও দেশীয় ক্ষমতাকাঠামোর বাস্তবতায় এমন পরিবর্তন সহজে ঘটবে–তার নিশ্চয়তা নেই।
স্মর্তব্য, ১৯৪৮ সালে জাতিসংঘ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ প্রবন্ধের শুরুতে যে বক্তব্য উল্লেখ করা হয়েছ, তা এ ঘোষণাপত্রের প্রথম ধারায় বলা হয়েছে: মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং মর্যাদা ও সব মানবাধিকারের অধিকারী। সুতরাং, যদি এমন একটি সমাজ গড়ার লক্ষ্য থাকে যেখানে ব্রত হবে দারিদ্র্যের উল্লিখিত বহুমাত্রিকতার উপশমে সচেষ্ট হওয়া, তবে সেখান থেক শুরু করতে হবে। অর্থাৎ, সোজা কথায়–মানুষ হিসেবে সব মানুষ সমান; আর মানবতার দাবি হচ্ছে, কারও প্রতি বৈরিতা, অবহেলা, অন্যায় আচরণ না করা এবং সবার জন্য ন্যায্য রাষ্ট্রীয় ও আইনি ব্যবস্থা নিশ্চিত করা। তবেই জনকেন্দ্রিক, সুস্থ, ন্যায়ভিত্তিক ও বহুমাত্রিক-দারিদ্র্যমুক্ত রাষ্ট্র ও সমাজ গঠনের পথ প্রশস্ত হতে পারে।
এই আলোকে বলা যায়, বাংলাদেশের রয়েছে মুক্তিযুদ্ধের আদর্শনির্ভর এক দৃঢ় ভিত্তি–সাম্য, মানবাধিকার, মানবমর্যাদা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িকতা। একটি ন্যায়ভিত্তিক মানবিক সমাজ নির্মাণের জন্য প্রয়োজনীয় মূল্যবোধ ও কার্যকারণ তাই বংলাদেশের জন্মলগ্মেই নিহিত। এ পর্যন্ত দেশকে সে পথে তেমন পরিচালনা করা হয়নি; তাই বলে তা কখনো বাস্তবায়িত হবে না–এ কথা বলা যায় না। বরং সেই আদর্শিক তাগিদ বাস্তবায়িত হওয়া বাঞ্ছনীয়।
লেখক: অর্থনীতিবিদ ও সমাজচিন্তক

