পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) একটি শিক্ষাবান্ধব ও সম্পূর্ণ আবাসিক ক্যাম্পাস হিসেবে পরিচিত। শান্ত, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশই যেখানে একটি বিশ্ববিদ্যালয়ের মূল পরিচয়, সেখানে দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের অভ্যন্তরে অটোরিকশার অবাধ চলাচল সেই সুষ্ঠু, শিক্ষাবান্ধব পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। অটোরিকশার বেপরোয়া গতি, অনিয়ন্ত্রিত চলাচল ও অবৈধভাবে পার্কিংয়ের কারণে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বাভাবিক চলাফেরায় নানাবিধ বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং ইতোমধ্যে ক্যাম্পাসে একাধিকবার আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা যে কোনো সময় বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে।
এরই ধারাবাহিকতায় গত রবিবার ক্যাম্পাসের অভ্যন্তরে দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় চারজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, অটোরিকশাটি অতিরিক্ত গতিতে চলছিল, যা দুর্ঘটনার মূল কারণ। অনুমতি ছাড়াই বহিরাগত প্রাইভেট কার, মোটরসাইকেল ও অটোরিকশা নিয়মিতভাবে ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করছে, যা শিক্ষার্থীদের নিরাপদ চলাচলকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে। একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেখানে শান্ত পরিবেশ, হাঁটা ও সাইকেলবান্ধব ব্যবস্থার কথা ভাবা উচিত, সেখানে অটোরিকশার এমন অবাধ চলাচল নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত। অতএব, ক্যাম্পাসের অভ্যন্তরে অটোরিকশা চলাচল সম্পূর্ণভাবে বন্ধসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হলে পবিপ্রবি ক্যাম্পাস আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও প্রকৃত অর্থে শিক্ষাবান্ধব হয়ে উঠবে এটাই সবার প্রত্যাশা।
জাফরিন সুলতানা
শিক্ষার্থী, আইন ও ভূমি প্রশাসন, পবিপ্রবি
[email protected]