আমাদের দেশের নির্মাণকাজগুলো অনেক ঝুঁকিপূর্ণ। রাস্তার পাশে ভবনের নির্মাণকাজে কোনো বিশেষ নিরাপত্তাবেষ্টনী থাকে না। ফলে পথচারী, আশপাশের মানুষ ও বিভিন্ন সম্পদ ব্যাপক ক্ষতির ঝুঁকিতে থাকে। নির্মাণ শ্রমিকরাও কাজের সময় বিশেষ কোনো নিরাপত্তা মেনে চলে না। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর তথ্যমতে, চলতি বছরের প্রথম তিন মাসে বিভিন্ন নির্মাণকাজে ১৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। কর্মক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু নির্মাণ খাতে। শ্রম আইন অনুযায়ী, নির্মাণশ্রমিকের নিরাপত্তার দায়িত্ব বর্তায় নিয়োগকারীর ওপর। নিরাপত্তার অভাবজনিত কারণে শাস্তির বিধান থাকলেও আইনের যথাযথ প্রয়োগ লক্ষ্য করা যায় না। নির্মাণকাজে শুধু সচেতনতামূলক বিলবোর্ড লাগালেই চলবে না, বরং আইনের চাপ প্রয়োগের মাধ্যমে সার্বিক নিরাপত্তায় দায়িত্বশীল দের মধ্যে বাধ্যবাধকতা তৈরি করতে হবে। এ ব্যাপারে সচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. জাহিদ হাসান
শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
[email protected]