বাংলাদেশের বহুল পরিচিত একটি প্রাকৃতিক দুর্যোগ নদীভাঙন। প্রতিবছর বর্ষার মৌসুমে নদীর দুই কূল ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। মানুষের ঘরবাড়ি, গবাদিপশু, ফসলের জমি থেকে শুরু করে সবকিছু নদীর অতল গভীরে হারিয়ে যায়। প্রতিবছর সাধারণ মানুষের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি সংঘটিত হয়ে থাকে এ নদীভাঙনের কারণে। নদীর উপকূলের মানুষ প্রতি বছরই আতঙ্কের মধ্যে থাকে কখন সর্বনাশা নদী তাদের জমি, ঘরবাড়ি গ্রাস করে নেয়। নদীর নাব্য হারিয়ে যাওয়ার কারণে বর্ষা মৌসুমে নদীর ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত জল চলে আসা নদীভাঙনের অন্যতম কারণ। তাছাড়া নদীর কূলে টেকসই বাঁধ না থাকার কারণে নদীভাঙন সংঘটিত হয়। এমতবস্থায়, নদীভাঙনপ্রবণ অঞ্চলে নদী খনন ও টেকসই বাঁধ তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আরাফাত হোসেন
শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়
[email protected]