দক্ষিণ চট্টলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তার পাশে জমে আছে অসংখ্য ময়লা-আবর্জনার স্তূপ। বিশেষ করে চন্দনাইশ সদর থেকে গাছবাড়ীয়া কলেজ গেট পর্যন্ত রাস্তার দুপাশে অসংখ্য ময়লা-আবর্জনার স্তূপ দেখা যায়। প্রতিদিনই বাড়ছে ময়লার স্তূপ। দেখার কেউ নেই! দীর্ঘদিন ধরে সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা সরানোর কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এতে পরিবেশ দূষিত হচ্ছে, পাশাপাশি সৃষ্টি হয়েছে নানা স্বাস্থ্যঝুঁকি। কাপড়ে নাক ঢেকে চলতে হচ্ছে শিক্ষার্থীসহ পথচারীদের। সেখানে জন্ম নিচ্ছে মাছি-মশা ও নানা জীবাণু। স্কুল-মাদরাসাপড়ুয়া শিশুসহ অনেক পথচারী প্রতিদিন এ রাস্তা দিয়েই যাতায়াত করে। দুর্গন্ধ ও মশার কারণে শিশুদের নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাছাড়া উপজেলাবাসীর উচ্ছিষ্ট খাবার, পচা ফলমূল, গোবর, কসাইখানার বর্জ্যসহ রাস্তার আশপাশের ময়লা-আবর্জনা সঠিকভাবে সংগ্রহ করে সার উৎপাদন করতে পারলে তা কৃষি অর্থনীতিতে টেকসই ভূমিকা রাখবে। এসব ময়লা-আবর্জনা থেকে চন্দনাইশ উপজেলায় সরকারিভাবে জৈব সার তৈরির প্রকল্প নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃপক্ষসহ এমপি জসীম উদ্দীন আহমেদ এবং উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
মোহাম্মদ ইমাদ উদ্দীন
সংগঠক ও কলামিস্ট, চন্দনাইশ, চট্টগ্রাম
[email protected]