গোসল করছেন। শরীর সাবানের ফেনায় ভরা। এমন সময় কলের পানি চলে গেল। বালতিতেও আর কোনো পানি নেই। তখন কেমন লাগে?
অফিসে যেতে হবে এক ঘণ্টার মধ্যে। রাস্তা ফাঁকা অথচ ট্রাফিক পুলিশ কাউকে সামনে যেতে দিচ্ছে না। সম্ভবত কোনো ভিআইপি খানিকক্ষণ পরে ওই রাস্তা দিয়ে যাবেন। তখন কেমন লাগে?
পরীক্ষা দিতে বসেছেন, প্রস্তুতি খুব ভালো। গত বছরে আসা প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি সব প্রশ্নই পড়েছেন। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর দেখলেন গত বছরে আসা প্রশ্নগুলোই হুবহু এসেছে। তখন কেমন লাগে?
অনেক দিন পর টিভিতে আপনার কোনো প্রিয় অনুষ্ঠান দেখাচ্ছে। অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে গেল। যখন বিদ্যুৎ এলো তখন টিভি ছেড়ে দেখলেন উপস্থাপক বলছে, আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তখন কেমন লাগে?
বাড়িতে মেহমান এসেছে। রান্না শেষ করার পর তরকারি চেখে দেখলেন, ভুল করে সব তরকারিতেই লবণ ডবল দেওয়া হয়েছে। নতুন করে রান্না করার সময়ও নেই। তখন কেমন লাগে?
নতুন বিয়ে করেছেন। বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে নিয়ে চাইনিজ খেতে গিয়েছেন। খাওয়ার পর বিল দিতে গিয়ে দেখলেন মানিব্যাগ বাসায় ফেলে এসেছেন। তখন কেমন লাগে?
টিভিতে ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট খেলা দেখাচ্ছে। খেলা প্রায় শেষের দিকে। খেলায় যেকোনো দল জিততে পারে। কোন দল জিতবে এই উত্তেজনা নিয়ে বসে আছেন। এমন সময় আপনার ভাগ্নে এসে বলল, মামা, তুমি পুরোনো খেলা দেখছ কেন? এই খেলায় তো ‘অমুক দল’ জিতেছে। তখন কেমন লাগে?
রাতে বাসায় ফিরছেন। রাস্তার লাইট নিয়মমতোই নষ্ট। এমন সময় হঠাৎ খোলা ম্যানহোলে পড়ে গেলেন। আশপাশে তোলারও কেউ নেই। তখন কেমন লাগে?
ভোরবেলা হাঁটতে বেরিয়েছেন। এমন সময় ছিনতাইকারীর কবলে পড়লেন। ছিনতাইকারী মানিব্যাগ দেখে ধমক দিয়ে বলল, ব্যাটা ফকির! রাস্তায় এত কম টাকা নিয়ে বের হয়েছিস কেন? তখন কেমন লাগে?
লটারির টিকিট বিক্রি হচ্ছে দেখে আপনিও একটি কিনলেন। বিক্রেতা আপনাকে আরও টিকিট কিনতে বললেও আপনি একটি টিকিট নিয়েই বাড়ি ফিরলেন। যেদিন লটারির ফলাফল বের হলো, সেদিন দেখলেন আপনার পরের টিকিটটাই পুরস্কার জিতেছে। তখন কেমন লাগে?