বাংলা ভাষায় ‘গুপ্ত’ শব্দটি বহুল ব্যবহৃত হলেও এর অর্থ ও প্রয়োগের ক্ষেত্র বেশ বিস্তৃত। প্রাচীন সংস্কৃত ভাষা থেকে আসা এই শব্দটি বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করে। ব্যক্তিগত পরিচয় থেকে ইতিহাস, সাহিত্য থেকে দৈনন্দিন কথাবার্তা–সবখানেই ‘গুপ্ত’ শব্দের উপস্থিতি রয়েছে। ‘গুপ্ত’ শব্দের আক্ষরিক অর্থ–লুকানো, গোপন, আড়ালে রাখা বা প্রকাশ না করা। কোনো বিষয়, তথ্য বা বস্তু, যা সবার অগোচরে রাখা হয়। বর্তমানে দেশে নির্বাচনি প্রচারে ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দলকে উদ্দেশ করে শব্দটি এখন বহুল ব্যবহৃত হচ্ছে।
গুপ্ত শব্দের বিস্তারিত ব্যাখ্যায় উদাহরণ হিসেবে বলা যেতে পারে গুপ্তধনের কথা। এর অর্থ লুকিয়ে রাখা ধনসম্পদ। এ ছাড়া গুপ্তচর অর্থ গোপনে তথ্য সংগ্রহকারী ব্যক্তি, গুপ্তকথার অর্থ গোপন কথা। এ ছাড়া ব্যক্তি বা পরিচয়ের ক্ষেত্রেও গুপ্ত শব্দের ব্যবহার রয়েছে। যিনি নিজের ব্যক্তিগত বিষয় সহজে প্রকাশ করেন না, তাকে রূপক অর্থে ‘গুপ্ত স্বভাবের’ বলা যায়। কোনো কারণে নিজের আসল পরিচয় গোপন রেখে চললে সেই ব্যক্তিকে ‘গুপ্ত পরিচয়ে থাকা’ বলা হয়।
সাহিত্যের ভাষায় গুপ্ত শব্দটি রহস্য, অন্তর্লোক বা অদৃশ্য কোনো কিছুকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন¬গুপ্ত ব্যথা (মনের গোপন কষ্ট), গুপ্ত রহস্য (অপ্রকাশিত রহস্য)।
দৈনন্দিন কথাবার্তাতেও এই শব্দটির ব্যবহার রয়েছে। সাধারণত এমন কিছু বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়, যা সবার জানা নয় বা ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে। যেমন গুপ্ত পরিকল্পনা ও গুপ্ত বৈঠক। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে গুপ্ত শব্দটি এখন বহুল আলোচিত একটি শব্দ।
‘গুপ্ত’ শব্দটি কেবল ‘লুকানো’ অর্থেই সীমাবদ্ধ নয়; এটি গোপনীয়তা, রহস্য ও ঐতিহাসিক গৌরব–সবকিছুর সঙ্গে জড়িত। প্রেক্ষাপট অনুযায়ী এর অর্থ বদলে যায়, আর এই বহুমাত্রিক ব্যবহারই শব্দটিকে সমৃদ্ধ করেছে। বাংলা ভাষায় এর উপস্থিতি তাই শুধু ভাষাগত নয়, সাংস্কৃতিকভাবেও গুরুত্বপূর্ণ। রাজনীতিতে গোপনে অপকর্মকারীদের ‘গুপ্ত’ শব্দের সমীকরণে অন্তর্ভুক্ত করা হয়েছে।