ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বুধবার। সোমবার ছিল নির্বাচনি প্রচারের শেষ দিন। দিল্লি অঞ্চলে নির্বাচিনি এলাকা দুটি। নয়াদিল্লি বিধানসভা ও কালকাজি বিধানসভা। উভয় আসনেই এবার লড়ছেন হেভিওয়েট প্রার্থীরা।
তিন দশক ধরে দিল্লি বিধানসভায় জিততে পারেনি কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত তিনটি লোকসভা নির্বাচনে দিল্লির সব আসন জিতলেও সর্বশেষ ছয়বার বিধানসভায় জিততে পারেনি দলটি। সর্বশেষ তিন মেয়াদে ক্ষমতায় আছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, এর আগে তিন মেয়াদে ক্ষমতায় ছিল কংগ্রেস। তাই সপ্তমবারের চেষ্টায় রাজ্যের দখল নিতে মরিয়া হয়ে মাঠে নেমেছে বিজেপি। দেড় মাস ধরে দিল্লির মাঠে-প্রান্তরে চষে বেড়াতে দেখা গেছে নরেন্দ্র মোদি ও অমিত শাহদের মতো দলটির বড় নেতাদের।
রাজ্যে ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) যেখানে নির্বাচনি প্রচারে সাম্প্রতিককালে নিজেদের সফলতার চিত্রগুলো সামনে এনেছেন, সেখানে বরাবরের মতো পরিচয়বাদী রাজনীতির ওপরেই ভরসা করছে বিজেপি। বিশেষত স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরে দিল্লিতে উল্লেখযোগ্য সুনাম কুড়িয়েছে এএপি। অন্যদিকে প্রচারের মাঠে বিজেপি বেশির ভাগ সময় কাটিয়েছে শুল্ক মামলার জেরে গত বছর পদত্যাগ করা সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মামলাবিষয়ক সমালোচনা ও এএপির অপ্রাপ্তির বয়ান প্রচার করে।
এবার নয়াদিল্লি আসনে লড়ছেন এএপি থেকে অরবিন্দ কেজরিওয়াল, বিজেপি থেকে সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার ছেলে প্রভেষ ভার্মা ও কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিতের ছেলে সন্দ্বীপ দিক্ষিত। অন্যদিকে কালকাজি আসনে লড়ছেন এএপি থেকে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিসি সেন, বিজেপি থেকে সাবেক সংসদ সদস্য রমেশ বিধুরী ও কংগ্রেস থেকে মনোনয়ন পেয়েছেন আলকা লাম্বা।
এদিকে দিল্লিতে প্রচারের শেষ দিনে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন অরবিন্দ কেজরিওয়াল। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকার ক্ষমতার অপব্যবহার করে বিজেপিকে ভোটে জেতাতে তৎপর হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না কমিশন।
গতকাল কেজরিওয়াল রাজীব কুমারকে খোঁটা দিয়ে বলেন, ‘বিজেপির কর্মকাণ্ডে ধারাবাহিক নির্লিপ্ততায় স্বভাবতই প্রশ্ন আসে, নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নেওয়ার পরে রাজীব কুমার কোনো পদ পেতে চলেছেন? তাকে কী ধরনের পদের প্রস্তাব দেওয়া হয়েছে?’ সূত্র: দ্য ইকোনমিক টাইমস