ইয়েমেনের হুতি যোদ্ধারা শুক্রবার ( ২১ মার্চ) ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানায় আইডিএফ।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা গত শুক্রবার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। এছাড়াও তারা জানান, ২০ মার্চ হুতি বিদ্রোহীদের দ্বারা ছোড়া দুটি প্রজেক্টাইল গুলি করে নামানো হয়।
শনিবার (২২ মার্চ) একটি প্রতিবেদনে এসব তথ্য জানায় সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া ।
এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে জানায়,তারা তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। শনিবার ভোরে এক টেলিভিশন বিবৃতিতে এই গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এসব কথা বলেন।
সারি বলেন, ‘৪৮ ঘন্টার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে এই হামলাটি তাদের তৃতীয় আক্রমণ।‘এছাড়া দলটির সামরিক মুখপাত্র প্রমাণ না দিয়ে বলেন, হুতিরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে হামলা চালায়।
এর আগে গত সপ্তাহেই ইয়েমেনে ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান এটি। এই হামলায় অন্তত ৫৩ জন নিহত হন।
সেই প্রেক্ষাপটে মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে আক্রমণ বাড়ানোর প্রতিশ্রুতি দেয় হুতি যোদ্ধারা।
২০২৩ সালের শেষে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের শতাধিক জাহাজে হামলা চালায়। গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এই হামলা চালানো হয় বলে উল্লেখ করে হুতি যোদ্ধারা। এসব হামলায় পচিমা বিশ্বের বাণিজ্যব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
সূত্র: আল অ্যারাবিয়া
দিনা/