তুরস্কে এখনো বিক্ষোভ চলছে। সেখানে বিক্ষোভকারীরা বড় পরিসরে বাণিজ্যিক পণ্য ও সেবা বয়কটের ডাক দিয়েছেন। ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের জেরেই এসব ঘটনা ঘটছে। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) মূলত এরদোয়ান সরকারের সঙ্গে জড়িত সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সেবা বয়কটের ডাক দিয়েছে।
এরই মধ্যে তুরস্কের সরকার বিক্ষোভকারীদের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, বুধবারের প্রচেষ্টা আসলে অর্থনীতির ক্ষতি করার চেষ্টা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, দুই সপ্তাহ আগে ইমামোগলুকে গ্রেপ্তার করা হয়। তিনি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী।
এদিকে, বিক্ষোভ করতে গিয়ে আটক হওয়া তরুণ বিক্ষোভকারীরা পুলিশ হেফাজতে রূঢ় বাস্তবতার সম্মুখীন হচ্ছেন। তাদের খুনি, যৌন নিপীড়নকারীদের সঙ্গে একই কারা প্রকোষ্ঠে রাখা হচ্ছে।
বিষয়টির নিন্দা জানিয়েছেন দেশটির অনেক আইনজীবী ও রাজনীতিবিদ। শুধু ইস্তাম্বুলেই পুলিশ ৫১১ জন শিক্ষার্থীকে আটক করেছে। তাদের ২৭৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন এক আইনজীবী। সূত্র: রয়টার্স