পশ্চিমবঙ্গের হুগলি জেলায় পানি তুলতে গিয়ে একটি কূপে পড়ে যান শোভা রানী বন্দ্যোপাধ্যায় নামের ৮৫ বছর বয়সি এক বৃদ্ধা। একেবারে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দমকলকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে জ্ঞান ফেরার পরই বৃদ্ধা বলেন, ‘চা খাব’।
শনিবার (১১ এপ্রিল) এই ঘটনাটি ঘটে হুগলির পাণ্ডুয়া উপজেলার বৈঁচীগ্রাম দক্ষিণপাড়ায়।
শোভা রানী স্বামীর মৃত্যুর পর একা থাকতেন। তার একমাত্র ছেলে থাকেন কলকাতায়। প্রতিবেশী বর্ণালী বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তার খোঁজখবর নেন ও খাবার দিয়ে যান। শনিবার সকালে বর্ণালী শোভা রানীর বাসায় গিয়ে তাকে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পেছনে থাকা একটি পুরোনো কূপে তাকিয়ে দেখেন, পানিতে পড়ে আছেন শোভা রানী।
সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডেকে পুলিশ ও দমকল বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এবং দমকলকর্মীরা কূপে মই নামিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জ্ঞান ফিরলে নার্সদের দিকে তাকিয়ে শোভা রানী বলেন, ‘চা খাব।’ এই বাক্য শুনে হাসপাতালে বেশ হাস্যরসের সৃষ্ট হলেও সবাই স্বস্তির নিশ্বাস ফেলেন।
বৃদ্ধার প্রতিবেশীরা এবং হাসপাতালে উপস্থিত সবাই বলেন, ‘এত বয়সে, এতক্ষণ পানিতে পড়ে থেকেও জীবিত থাকা একটা অলৌকিক ঘটনা। আমরা সবাই তার সুস্থতা কামনা করছি।'
দিনা/অমিয়/