ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাসী শাসনের পতন হলেও সেই শাসন কাঠামো এখনও বহাল রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি তানিয়া রব।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডি ‘অ্যান্টি-ফ্যাসিস্ট ডে’ পালিত হয়।
প্রথমে সংক্ষিপ্ত সমাবেশ, পরে গণমিছিল বের করে দলটি।
সমাবেশে তানিয়া রব বলেন, ‘ক্ষমতার কাঠামো ভেঙ্গে না দিলে যেকোনো সংস্কারই হয়ে উঠবে দলতন্ত্রের নবতর সংস্করণ। আর এমনটি হলে জুলাই অভ্যুত্থানের আদর্শিক অভিপ্রায় পূরণ সম্ভব হবে না। সমাজ শক্তির বিকাশ ও তাদের রাষ্ট্রশক্তিতে অংশগ্রহণ নিশ্চিত না করে যেকোনো সংস্কার প্রচেষ্টা হবে অস্থায়ী ও আত্মঘাতী। আমরা সব দল ও মতকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘ফ্যাসিবাদ প্রতিহত করতে হলে কেবল সরকারের পরিবর্তন নয়, প্রয়োজন এক মৌলিক রাষ্ট্রপরিবর্তনের দর্শন। আমাদের লড়াই হলো নতুন এক রাষ্ট্রচিন্তার জন্ম দেওয়ার সংগ্রাম, যেখানে ক্ষমতার কাঠামো জনগণের অংশগ্রহণমূলক নীতিতে পুনর্গঠিত হবে।’
ঢাকা মহানগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন সহসভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।
গণমিছিলটি প্রেসক্লাব পল্টন জিরো পয়েন্ট হয়ে গুলিস্থান জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জয়ন্ত/পপি/