নদীমাতৃক দক্ষিণাঞ্চলের মানুষ হয়েও এবারে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের কমপক্ষে ১১টি জেলা; যার মধ্যে রয়েছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের ৭৭ উপজেলা; বিগত কয়েক দিনের টানা বৃষ্টি, পাহাড়ি ঢল এবং ত্রিপুরায় বাঁধ খুলে দেওয়ার কারণে উজান থেকে নেমে আসা পানিতে যেভাবে প্লাবিত হয়েছে তা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে উঠেছে। কারণ এবারের মতো বন্যা বিগত দুই যুগেও দেখেছি বলে মনে পড়ে না।
দক্ষিণবঙ্গের মানুষ আমরা। আমাদের জল-ঝড়-জলোচ্ছ্বাসের সঙ্গে কম-বেশি রীতিমতো যুদ্ধ করতে হয় প্রতিবছর। আমাদের জন্য এসব এখন আর নতুন কিছু নয়।
বরিশাল বিভাগের যেমন বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার শহর এলাকার নিম্নাঞ্চলসহ বিভিন্ন স্থানের কাছাকাছি কোনো নদীর পানি বিপৎসীমার ওপরে উঠে গেলে এবং জোয়ারের পানির চাপে প্লাবিত হলেও দুই-একদিনের মধ্যেই সে পানি আবার নেমে যায়। এখন যেমন দক্ষিণাঞ্চলের কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ফলে পানির চাপে কোনো কোনো স্থান প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
কিন্তু উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় এবারের অস্বাভাবিক প্লাবনের ফলে ইতোমধ্যে যেভাবে ডুবে গেছে অসংখ্য বাড়িঘর, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, ট্রেন লাইন; বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা- তার কোনো তুলনা হয় না। ইতোমধ্যে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
কোথাও কোথাও পানির প্রবল স্রোতে ভেসে গেছে গৃহপালিত গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বাড়িঘরের আসবাবপত্র, মাছের ঘের; ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার একর ফসলি জমি। ভাঙন শুরু হয়েছে নদীতীরবর্তী এলাকাগুলোয়।
পানিবন্দি হয়ে পড়েছে কমপক্ষে প্রায় ৬ লাখ পরিবারের প্রায় ৩৭ লাখ মানুষ, জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তারা দিনাতিপাত করছে মহাদুর্ভোগের মধ্যে। অনেক পরিবারেই খাবারের সংকট দেখা দিয়েছে।
এদিকে দুর্যোগকবলিত এসব এলাকার অনেক জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিচ্ছিন্ন রয়েছে মোবাইল নেটওয়ার্ক। যে কারণে এসব অঞ্চলে বসবাসকারীদের সঙ্গে রাজধানী ঢাকা ও অন্যান্য স্থানের মানুষজনের যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে না।
তবে ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা, যারা ইতোমধ্যেই বন্যাদুর্গত অঞ্চল থেকে উদ্ধার করেছে পানিবন্দি থাকা শিশুসহ ২৭২ জনক।
এদিকে আন্তর্জাতিক নদীসমূহের পানির ন্যায্য হিসাব পাওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, বরিশাল, রংপুরের বেগম রোকেয়া এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তারা বলেছেন, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে নোয়াখালী, লক্ষ্মীপুর কুমিল্লা ও ফেনী প্লাবিত হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি আন্তর্জাতিক নদীর যোগাযোগ রয়েছে, যার মধ্যে ৩০টি নদীতে তারা বাঁধ দিয়েছে।
তারা অভিযোগ করেন, ভারত গ্রীষ্ম মৌসুমে বাঁধ বন্ধ রাখে, আবার বর্ষা মৌসুমে খুলে দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভারতের আধিপত্য প্রতিহত করার ঘোষণা দেন। অন্যদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে অবিরাম বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যার কারণে রাজ্যের কমপক্ষে আটটি জেলার বেশিরভাগ অঞ্চল পানিতে তলিয়ে গেছে।
এনডিটিভির খবরসূত্রে জানা যায়, এসব জেলার প্রায় ৭ হাজার পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গেছে। মৃত্যু হয়েছে এ পর্যন্ত কমপক্ষে ২২ জনের। উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে ত্রিপুরার ‘ডুম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট’-এর গেট খুলে দিয়েছেন রাজ্যটির প্রশাসক।
ত্রিপুরার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা জানিয়েছেন, গোমতী নদীতে জলসীমা বেড়ে যাওয়ায় ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের জলস্তর বিপৎসীমা ছুঁয়ে ফেলেছিল। সেক্ষেত্রে বাঁধ বাঁচাতে বাধ্য হয়ে গেট খুলে পানি ছেড়ে দিতে হয়েছে। তিনি জানান, ভয়াবহ এই বন্যায় রাজ্যটিতে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমরা উল্লেখ করতে চাই যে, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকা এলাকায় কয়েক দিন ধরে এ বছরের সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে এই বন্যা মূলত বাঁধের ভাটির দিকে বৃহৎ অববাহিকার পানির কারণে ঘটেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদীগুলোতে সৃষ্ট বন্যা পরিস্থিতি একটি যৌথ সমস্যা। এটা উভয় দেশের মানুষের জন্য দুর্ভোগের জন্ম দেয়। এ সমস্যার সমাধানে ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।’
এদিকে সামগ্রিক বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম সম্প্রতি সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানান, বন্যায় জনগণের জানমাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করে যাচ্ছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে।
সম্প্রতি হবিগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন, ‘পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি।’
বন্যা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিয়োজিত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এই সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার কারণ জানতে চাইলে হাইকমিশনার জানান, ত্রিপুরার বন্যা অনাকাঙ্ক্ষিত। এর ফলে দুই দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৈঠকে বাংলাদেশকে সর্বক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের কথা বলেন হাইকমিশনার।
এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের বন্যা মোকাবিলার প্রয়োজনে দুপক্ষেরই সহযোগিতা এবং উভয় দেশের সরকার এবং ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের মতো প্রতিষ্ঠানের সক্রিয়ভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।
নির্দ্বিধায় বলা যায়, এবারের বন্যা একেবারে বিপর্যস্ত করে দিয়েছে দেশের কমপক্ষে ১১টি জেলার বিস্তীর্ণ জনপদ। বন্যার পানি এখনো নামতে শুরু করেনি। আশা করা যাচ্ছে, বৃষ্টি থেমে গেলে পানির চাপ ধীরে ধীরে কমতে থাকবে।
তবে বন্যার কারণে এসব জেলায় কতটা ক্ষতি হয়েছে, তা বোঝা যাবে বন্যার পানি নেমে যাওয়ার পর। তখন শুরু হবে আসল কাজ। বন্যার্তদের পুনর্বাসন ও তাদের বাড়িঘর পুনঃনির্মাণসহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের প্রয়োজনীয় মেরামত এবং ক্ষতিগ্রস্ত খেত-খামারের তদারকি বাড়িয়ে তা আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সবকিছু মিলিয়ে তখন শুরু হবে বিরাট এক কর্মযজ্ঞ।
তবে এখন সবার জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে, বন্যা-উপদ্রুত এলাকার লাখ লাখ অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আর ইতোমধ্যেই দুর্গত এলাকার সেই লাখ লাখ অসহায় পানিবন্দি মানুষের পাশে মানবিক সাহায্যের হাত নিয়ে দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেখা গেছে, প্রতিদিন তাদের কাছে ত্রাণ দিতে আসা মানুষের ভিড় বাড়ছে।
শুধু তাই নয়, দেশের বিভিন্ন জেলা শহরেও নানা সংস্থাসহ সাধারণ মানুষ নানাভাবে বন্যার্তদের সাহায্যের জন্য কার্যক্রম পরিচালনা করছে।
গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, ইতোমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ জেলার কমপক্ষে ৪৫ লাখ মানুষ। গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত শিশুসহ প্রাণহানি ঘটেছে অন্তত ১৫ জনের। বন্যায় প্লাবিত ৭৭টি উপজেলার ৫৮৪টি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ভূত সংকট মোকাবিলার লক্ষ্যে উপদ্রুত এলাকায় ৩১৬০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে ১ লাখ ৮৮ হাজার ৭৩৯ জন আশ্রয়হীন মানুষ আশ্রয় নিয়েছে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা দানের লক্ষ্যে ৬৩৭টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, দুর্গত এলাকার মানুষদের সহায়তা দিতে ইতোমধ্যে নগদ ৩ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দসহ খাদ্য সহায়তা বাবদ ১৫০ টন চাল এবং ১৫০০০ খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়েছে।
এদিকে বন্যাদুর্গত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে সরকার। সকল স্তরের মানুষ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান প্রদান করতে পারবেন। যেভাবে দিতে হবে : সোনালী ব্যাংক, কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩।
উল্লেখ্য, ইতোমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সাহায্য-সহযোগিতার নিমিত্তে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।
একইভাবে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)-এর সব সদস্যের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে।