রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭৫৩ একর জমির ওপর প্রতিষ্ঠিত দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য রিকশার ওপর নির্ভরশীল। দুঃখজনক হলেও সত্য, ক্যাম্পাসে এখনো রিকশা ভাড়ার কোনো নির্দিষ্ট নীতিমালা কার্যকর হয়নি। ফলে যাত্রীদের প্রায়ই অতিরিক্ত ভাড়া গুনতে হয় এবং একই গন্তব্যে ভিন্ন ভিন্ন ভাড়া আদায়ের ঘটনা নিয়মিত ঘটছে। বিশেষ করে রাতের সময় কিংবা খারাপ আবহাওয়ায় এবং অনেক সময় শিক্ষার্থীর প্রয়োজনের ওপর ভিত্তি করে রিকশাচালক স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ভাড়া দাবি করেন। এতে শিক্ষার্থীদের বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হয়। অনেক সময় ভাড়া নিয়ে রিকশাচালকদের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডাও হয়, যা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সৌহার্দপূর্ণ পরিবেশের সঙ্গে মানানসই নয়। অন্যদিকে নির্ধারিত ভাড়া কার্যকর না থাকায় অনেক নতুন শিক্ষার্থী ও অভিভাবকও বিড়ম্বনার শিকার হন।
ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, যেমন- একাডেমিক ভবন, লাইব্রেরি, শহিদ মিনার এবং প্রতিটি হলের জন্য নির্দিষ্ট ভাড়া কার্যকর করা হলে এ সমস্যা অনেকাংশে কমে আসবে। প্রশাসনের উদ্যোগে দৃশ্যমান স্থানে ভাড়া তালিকা টানিয়ে দেওয়া এবং তা বাস্তবায়নে তদারকি করা প্রয়োজন। এতে যেমন শিক্ষার্থীরা স্বস্তি পাবে, তেমনি রিকশাচালকদের সঙ্গেও একটি সুস্থ ও স্বচ্ছ সম্পর্ক বজায় থাকবে।
খুশি আক্তার
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]