বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকারত্বের হার বৃদ্ধি বর্তমানে একটি জাতীয় উদ্বেগে পরিণত হয়েছে। হাজার হাজার তরুণ-তরুণী হাড়ভাঙা পরিশ্রম এবং মা-বাবার সঞ্চয় খরচ করে উচ্চশিক্ষা অর্জন করলেও কর্মক্ষেত্রে প্রবেশের সময় তারা এক কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। এর মূল কারণ আমাদের শিক্ষাব্যবস্থার সঙ্গে কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার আকাশপাতাল ব্যবধান। সাধারণ শিক্ষায় ডিগ্রিধারী বিশাল এই জনশক্তি বিশেষ কোনো কারিগরি বা বৃত্তিমূলক দক্ষতা না থাকায় শিক্ষিত হয়েও উৎপাদনশীল কোনো কাজে অংশ নিতে পারছে না। এই দীর্ঘমেয়াদি বেকারত্ব কেবল ব্যক্তিগত হতাশা নয়, বরং সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়ংকর বোঝা হয়ে দাঁড়িয়েছে। কর্মহীন এই শিক্ষিত তরুণরাই আজ মাদক, অপরাধ এবং অনেক ক্ষেত্রে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, যা একটি জাতির জন্য চরম অশনিসংকেত। এ সংকট উত্তরণে প্রচলিত শিক্ষাব্যবস্থার সংস্কার করে প্রতিটি পর্যায়ে কর্মমুখী ও কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা জরুরি। দেশের ধনী শ্রেণি ও শিল্পপতিদের কেবল শহরে সীমাবদ্ধ না থেকে প্রতিটি জেলা ও উপজেলায় শিল্পকারখানা স্থাপনে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে স্বল্প সুদে ঋণ এবং অনুকূল বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। পর্যাপ্ত বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং তৃণমূল পর্যায়ে কলকারখানা গড়ে তোলার মাধ্যমেই শিক্ষিত তরুণদের মেধা ও শ্রমকে কাজে লাগানো সম্ভব। দেশের এই প্রাণশক্তিকে অপরাধ ও অন্ধকারের হাত থেকে বাঁচাতে হলে কর্মসংস্থান সৃষ্টিকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
ওসমান গনি
সাংবাদিক ও কলামিস্ট
[email protected]