এবার ভিন্ন গল্প লেখার প্রত্যায়ের কথা বললেও অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলে হেরেছেন শেখ মোরছালিনরা।
ভিয়েত ত্রি স্টেডিয়ামে বুধবার (৩ সেপ্টেম্বর) ‘সি’ গ্রুপের ম্যাচটিতে দুই অর্ধে একটি করে গোল হজম করে বাংলাদেশ। বলতে গেলে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে ভিয়েতনাম। পোস্টে লেগে তাদের একাধিক প্রচেষ্টা বিফলে গেছে।
এছাড়া বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। ভিয়েতনামের একাধিক প্রচেষ্টা তিনি রুখে দেন। তা না হলে বাংলাদেশের হারের ব্যবধান আরও বড় হতো।
একাদশ মিনিটে পোস্টে লেগে ভিয়েতনামের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে ১৫ মিনিটেই তাদের এগিয়ে দেন এনগুয়েন এনগোচ। এরপর দ্বিতীয় গোলটি তারা পায় ৮২ মিনিটে। কর্নার থেকে সতীর্থের হেড পাসে লি ভিক্তর হেডেই গোলটি করেন। বাংলাদেশ বার কয়েক সুযোগ তৈরি করতে পারলেও কোনোটিই গোলে রূপান্তর করতে পারেনি।
অসুস্থতার কারণে ডাগআউটে থাকতে পারেননি বাংলাদেশের প্রধান কোচ সাইফুল বারী টিটো। তার জায়গায় দায়িত্ব পালন করেন সহকারী কোচ হাসান আল মামুন।
দিনের আরেক ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছে ইয়েমেন। আগামী শনিবার এই ইয়েমেনের বিপক্ষেই পরের ম্যাচটি খেলবে বাংলাদেশ। মঙ্গলবার খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।