বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার নাম আরেক দফা বদলে ফেলা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন থেকে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নামে পরিচিত হবে। লিগ শুরুর মাত্র এক দিন আগে গতকাল এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বেশ কিছু দিন ধরেই গুঞ্জন ছিল এবার লিগের নতুন নামকরণ করা হবে। দু-একটি সংবাদ মাধ্যমকে বাফুফের কর্তারা তা অবিহিতও করে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে লিগ শুরুর ২৪ ঘণ্টা আগে। কেন এই নাম বদল তা অবশ্য বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। জানা গেছে, ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের সঙ্গে নাম মিল থাকায় ইন্টারনেট সার্চে বিড়ম্বনা পোহাতে হয়। আর সেই বিড়ম্বনা এড়াতেই নাকি এই সিদ্ধান্ত। নাম বদল নিয়ে পেশাদার লিগ কমিটি প্রথমে অংশগ্রহণকারী ক্লাবগুলোর সঙ্গে সভা করে। পরে কার্যনির্বাহী কমিটির সভায় নাম বদলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
তবে এই নাম বদল নিয়ে ফুটবল অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ এর আগেও একাধিকবার এই প্রতিযোগার নাম বদল করা হয়েছে। তাতে অবশ্য মাঠের খেলার গুণগত মানে কোনো পরিবর্তন হয়নি। শুধু নামের মধ্যেই বদল থেকে গেছে। বাফুফে আবারও মাঠের ফুটবলের নাম উন্নয়নে দৃশমান কিছু না করে নাম বদলের দিকে হাঁটল।
বাংলাদেশে পেশাদার ফুটবল লিগ চালু হয় ২০০৭ সালে। তখন দেশের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতার নামকরণ করা হয়েছিল- ‘বি লিগ’। ২০০৮ সালে কাজী সালাহউদ্দিন বাফুফের সভাপতি নির্বাচিত হয়ে এই লিগের নাম বদলে ফেলেন। ‘বি লিগ’ বদলে হয়ে যায় ‘বাংলাদেশ লিগ’। ২০১১ সালে আরেক দফা নাম বদল হয়। এবার প্রিমিয়ার শব্দ যুক্ত করে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ নামকরণ করা হয়। প্রায় ১৪ বছর পর আবারও দেশের সর্বোচ্চ ফুটবল আসরের নাম বদল করা হলো। অর্থাৎ পেশাদার লিগ চালুর পর দেশের সর্বোচ্চ এই প্রতিযোগিতার নাম তিনবার বদল হলো।
এদিকে এবারের লিগের জন্য বাফুফে নতুন পৃষ্ঠপোশক প্রতিষ্ঠান খুঁজে নিচ্ছে বলে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছিল। কিন্তু গতকাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত লিগের পৃষ্ঠপোষক নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি বাফুফে।
আজ লিগের উদ্বোধনী দিনে দুটি খেলা। মুন্সীগঞ্জে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। মানিকগঞ্জে মুখোমুখি হবে ফকিরেরপুল ইয়ংমেন্স ও আরামবাগ ক্রীড়া সংঘ। আগামীকাল তিনটি খেলা। প্রথম রাউন্ডের খেলা শেষেই অবশ্য ২০ দিনেরও বেশি সময়ের বিরতি পড়বে লিগে। জাতীয় দলের এএফসি এশিয়ান কাপ মিশন শেষে ফের লিগ মাঠে গড়াবে ১৯ অক্টোবর।
তোফায়েল/নিলয়/