লিওনেল মেসি, তিনি কি শুধুই আর্জেন্টিনায় বড় নাম? নিঃসন্দেহে, না। তিনি ফুটবল আইকন, ফুটবলের দূত, আসন্ন বিশ্বকাপের প্রাণভোমরা। মাঠে খুদেরাজের নামা মানেই হৈচৈ, ফিফার আর্থিক লাভ। সেটাও মিলিয়ন মিলিয়ন ডলারে। কিংবদন্তি এই ফুটবলার বিশ্বকাপের আগমুহূর্তে চোট বাধিয়েছে বসেছেন। এখন কি হবে?
প্রশ্নের উত্তর মিলবে দ্রুতই। যদিও এখন পর্যন্ত মেসির চোট নিয়ে কোনো আপডেপ দেয়নি ক্লাব ইন্টার মায়ামি। কিছু জানায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ)। আর্জেন্টিনা এখনও বিশ্বকাপ দল ঘোষণা করেনি। কোচ লিওনেল স্কালোনি ফিফার বেঁধে দেওয়া ডেডলাইনের শেষ মুহূর্তে চূড়ান্ত দল প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দলে থাকা মেসি রবিবার (২৪ মে) রাতে ফুটবল বিশ্বকে খারাপ সংবাদ দেন। ফিলাফেলডিয়া ইউনিয়নের বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে খেলতে নেমে চোট পান আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের ৭৩ মিনিটে নিজের বাঁ পায়ের পেছনের অংশ চেপে ধরে বদলির ইঙ্গিত দেন মেসি। এরপর সরাসরি টানেলে চলে যান তিনি।
বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে মেসির এই চোট স্বাভাবিকভাবেই বাড়িয়ে দিয়েছে দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন মেক্সিকো সিটিতে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে।
৩৮ বছর বয়সি মেসি এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে খেলার ঘোষণা না দিলেও, ধারণা করা হচ্ছে এটি হবে তার রেকর্ড ছোঁয়া ষষ্ঠ বিশ্বকাপ। যদি চোট বড় কোনো দুঃসংবাদ না দেয়।
অনিক/