স্কুল থেকে ফিরছিলাম। তখন একটি ডোবার মধ্য থেকে টিয়া পাখির ডাক কানে এল। অল্প বয়স, রাজ্যের কৌতূহল। পাখি পালার ইচ্ছেও ছিল বেশ। কিন্তু বাসার কেউ রাজি হচ্ছিল না। তারা বলত, বনের পাখি পালা যাবে না। তাই ডোবায় যদি পাখি পেয়েই যাই, তাহলে মন্দ হয় না।
পাখিটিকে কাদার মধ্যে পেলাম। এক পা ভাঙা। রক্ত পড়ছিল। টিউবওয়েলের কাছে নিয়ে পাখিটিকে পরিষ্কার করলাম। একজনার বুদ্ধিতে পায়ে চুন মেখে বেঁধে দিলাম। আর রোদে রাখলাম। বাসার সবাই পাখিটির এই অবস্থা দেখে হয়তো করুণা হয়েছিল। কেউ কিছু বলল না। তবে আশপাশের অনেকেই বলেছিল এ পাখি বাঁচবে না। কাছেই ছিল থানা পশু হাসপাতাল। পাখিটিকে নিয়ে গেলাম। সবার সে কী তুচ্ছ-তাচ্ছিল্য। ভাবখানা এমন- একটি পাখির জীবন কোনো জীবনই না। সে মরলেই কী বা বাঁচলেই কী। কারও কিছুই যায়-আসে না। অনেকক্ষণ বসিয়ে রাখল তারা। তার পর কী করতে হবে বলে দিল।
তারাও বলেছিল, এ পাখি বড়জোড় দুই দিন বাঁচতে পারে। বাসায় এনে লাইট জ্বালিয়ে গরম জায়গায় পাখিটিকে রাখলাম। এরপর একজন একটি খাঁচাও জোগাড় করে দিল। আমার মন বলছিল, ভালোবাসা, যত্ন পেলে ও বাঁচবে। সৃষ্টিকর্তা নিখাঁদ ভালোবাসা ফেরান না। তাকে জয়ী করেন। ভাত, চাল, ধান যা পাই তাই খেতে দিই। একটু একটু খায়। এক সময় বন্ধ হয় রক্ত পড়া। এক দিন দুই দিন করে ২২ দিন চলে যায়। একটু একটু করে সুস্থ হয় পাখিটি। নড়েচড়ে বসে। খায়। আমার সে কী আনন্দ।
৪০ দিন চলে গেল। এবার পাখিটি ডাকাডাকি শুরু করে। ভাঙা পা নাড়ায় স্বাভাবিকভাবেই। ওড়ার চেষ্টা করে। মানুষ হা করে দেখে। এই মৃতপ্রায় পাখি বাঁচল কীভাবে। চোখে-মুখে তাদের নানা প্রশ্ন। সবাই ভেবেছিল পাখিটি পোষ মেনে গেছে। ও আর যাবে না। একদিন সবার সামনে খাঁচা থেকে পাখিটিকে বের করলাম। সে উড়ে চলে গেল। একবার পেছন ফিরেও তাকাল না। যে মানুষটা মনপ্রাণ উজাঢ় করে তাকে ভালোবাসল। তার দিকেও তাকাল না। আমি হু হু করে কাঁদলাম কিছুক্ষণ। আমি যে তার মায়ায় পড়ে গিয়েছিলাম। তাকে ভালোবেসেছিলাম।
এর বহুদিন পরের ঘটনা। ঘরের চালে একটি টিয়া পাখি দেখা গেল। সেই পাখিটি। চালে বসেই ডাকছিল। সবাই খুব অবাক হয়েছিল। এভাবে অনেকদিন মাঝে মাঝে সে চালে এসে বসত। কিছুক্ষণ ডাকাডাকি করে চলে যেত। হয়তো ডেকেই সে কৃতজ্ঞতা জানাত। আমার চোখ ভিজে যায়। একটা অবলা প্রাণী তার প্রতি ভালোবাসা, যত্নের কথা মনে রেখেছে। এই নশ্বর জীবনে এ প্রাপ্তি নেহায়েতই কম নয়। আমি বুঝলাম, বনের পাখি বনেই সুন্দর। খাঁচায় নয়।
বনানী, ঢাকা
তারেক
.jpg)
.jpg)
.jpg)