গাড়ির জগতে এমন কিছু লোগো আছে, যা দেখামাত্রই বিলাসবহুল গতি ও শ্রেষ্ঠত্বের প্রতিকৃতি ফুটে ওঠে। এর মধ্যে অন্যতম হলো ইতালির সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ‘ফেরারি’র কালো ‘লাফানো ঘোড়া’।
লাল রঙের গাড়ির ওপর জ্বলজ্বলে হলুদ আবহে থাকা এই লোগো কেবল লোগো নয়; তা আসলে প্রথম বিশ্বযুদ্ধের একজন বীর যোদ্ধার প্রতিকৃতি। শোকাহত মায়ের দুঃখ জাগানিয়া শুভকামনা এবং দূরদর্শী রেসিং উদ্যোক্তার স্বপ্নের প্রতিচ্ছবি। এই লোগোর উৎস কোনো কার রেসিং ট্র্যাক নয় বরং এসেছে ইউরোপের যুদ্ধবিধ্বস্ত আকাশ থেকে।
প্রথম বিশ্বযুদ্ধের সময়, ইতালির বিমান বাহিনীর শ্রেষ্ঠতম যোদ্ধা ছিলেন কাউন্ট ফ্রান্সেসকো বারাক্কা। ৩৪টি আকাশযুদ্ধে বিজয়ী এই ‘এস’ পাইলট দেশের কাছে ছিলেন জাতীয় বীর সেনানী। বারাক্কা তার যুদ্ধবিমান, ‘SPAD XIII’ এর ধাতব কাঠামোর ওপর নিজস্বী চিহ্নের আঁচড় কাটতেন। একটি কালো লাফানো ঘোড়া, যা মূলত তার বিমানকে বিশেষভাবে চিহ্নিত করত।
এই প্রতীক ব্যবহারের পেছনে অদ্ভুত তবুও তবে সুন্দর এক কারণ ছিল। বারাক্কা মূলত ইতালীয় অশ্বারোহী রেজিমেন্টের (Cavalry Regiment) একজন কর্মকর্তা ছিলেন এবং এই লাফানো ঘোড়া ছিল তার পুরোনো রেজিমেন্টেরই প্রতীক। ঘোড়ার রুপালি রং পরিবর্তন করে ‘কালো’ রং দিয়ে রূপান্তরিত করেন, যাতে বিমানের ওপর এটি আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। ১৯১৮ সালের ১৯ জুন, মন্টে মন্টেলো এলাকায় একটি মিশনে শত্রুপক্ষের গুলিতে বারাক্কা শহিদ হন। তার এই চলে যাওয়া ইতালির জাতিগত ও যাপিত জীবনে গভীর শোকের ছায়া ফেলে। তার ‘কালো ঘোড়া’র বীরত্বগাথা মানুষের মুখে মুখে ফেরে।
১৯২০ সালের দিকে যখন এনজো ফেরারি কেবলই তার রেসিং ক্যারিয়ার শুরু করেছেন, তখন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ। ১৯২৩ সালের ১৭ জুন, রেভেনার সাভিও সার্কিটে একটি রেসে জয়লাভের পর তরুণ রেসার ‘এনজো ফেরারি’ দেখা করেন ফ্রান্সেসকো বারাক্কার বাবা-মা, কাউন্ট এনরিকো এবং ‘কাউন্টেস পাওলিনা’র সঙ্গে।
পুত্র শোকে শোকাহত তবে নিশ্চিতভাবে গর্বিত কাউন্টেস পাওলিনা এনজোর মধ্যে তার শহিদ পুত্রের মতোই এক ধরনের অদম্য তেজ দেখতে পান। তিনি এনজো ফেরারিকে বলেন, ‘ফেরারি, আমার ছেলের লাফানো ঘোড়াটি তোমার গাড়িতে ব্যবহার করো। এটি তোমাকে সৌভাগ্য এনে দেবে।’ এনজো ফেরারি মুহূর্তের মধ্যে এই প্রস্তাব লুফে নেন। এনজো ফেরারি নিজেই তার আত্মজীবনীতে এই ঘটনা উল্লেখ করেছেন, “ঘোড়াটি ছিল এবং সব সময় থাকবে। আমি শুধু পটভূমির রং হিসেবে ক্যানারি হলুদ যোগ করেছিলাম, যা আমার শহর ‘মোডেনার’ রং।”
এনজো ফেরারি বারাক্কা পরিবারের আশীর্বাদকে সম্মান জানিয়ে এবং নিজের শহর মোডেনাকে শ্রদ্ধা জানিয়ে লোগোর চূড়ান্ত নকশা তৈরি করেন।
আজও যখনই কোনো ফেরারি গাড়ির হুডের ওপর এই কালো ঘোড়াটিকে দেখা যায়, তখন তা কেবল গতির প্রতিশ্রুতি দেয় না বরং স্মরণ করিয়ে দেয় এক অসামান্য বিমান যোদ্ধার বীরত্ব এবং এক মায়ের গভীর ভালোবাসার মধ্য দিয়ে জন্ম নেওয়া এক অমর সৌভাগ্য প্রতীকের ঐতিহাসিক উত্তরাধিকার।
তারেক/
.jpg)
.jpg)