মা ও সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে নির্মল বন্ধনগুলোর একটি। এ সম্পর্ক কোথাও নিয়মে বাঁধা নয়, কোথাও সীমানায় আটকে নেই। সন্তানের হাসি, ভয়, দুঃখ সবকিছুতে মায়ের অনুভূতি জড়িয়ে থাকে, মেয়ের হৃদস্পন্দনের প্রতিটি ছন্দে মায়ের চিন্তা প্রতিধ্বনিত হয়। তাই যখন কোনো মা তার সন্তানকে হারান, সেই বেদনা সময়ের এলোমেলো স্রোতেও মুছে যায় না। তেমনই এক মর্মস্পর্শী সম্পর্কের গল্প হলো ফ্লোরেন্স আইরিন ফোর্ড ও তার মা অ্যালেন ফোর্ড। যেখানে মৃত্যুর পরও মায়ের ভালোবাসা তার মেয়েকে ঘিরে রয়ে গেছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে।
ঘটনাটি ১৮৭১ সালে। ফ্লোরেন্স তখন মাত্র ১০ বছর বয়সী। যুক্তরাষ্ট্রের মিসিসিপির ন্যাচেজ এলাকায় তখন হঠাৎ করেই ছড়িয়ে পড়ে ভয়াল ইয়েলো ফিভার। এ সংক্রমণে কত শিশুই না মারা গেল, তাদেরই একজন ছিল ছোট্ট, মিষ্টি, অতি স্নেহময়ী ফ্লোরেন্স আইরিন ফোর্ড। ফ্লোরেন্সের মৃত্যু যেমন পরিবারের জন্য কষ্টের ছিল, তার থেকেও বড় ছিল মেয়েটির একটি দুর্বলতা- সে ভয় পেত ঝড়কে। আকাশ মেঘে ঢেকে গেলে, বাতাস জোরে বয়ে গেলে বা বজ্রপাত হলে সে তড়িঘড়ি করে মায়ের কাছে ছুটে যেত। মায়ের কোলে মাথা রেখে সে কান্না থামাত, সেখানে নিরাপত্তা খুঁজে পেত। ফ্লোরেন্সের মা অ্যালেন তার মেয়ের এই ভয় সম্পর্কে খুব ভালোই জানতেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মেয়েকে সান্ত্বনা দিয়েছেন, বলেছিলেন, ‘কিছু হবে না মা, আমি আছি।’
কিন্তু মৃত্যু যখন এসে মেয়েকে কেড়ে নিল, তখন অ্যালেনের হৃদয়ে জন্ম নিল আরেক ভয় ‘ঝড়ের রাতে আমার মেয়ে কি কবরের মধ্যে ভয় পাবে না? সে কি একা কাঁদবে না?’ এই ব্যথা অ্যালেনকে শুধু শোকের দেয়ালে আঘাত করেনি বরং তাকে ভাবতে বাধ্য করেছিল কীভাবে তিনি মৃত্যুর পরও সন্তানকে ভয় থেকে রক্ষা করতে পারেন।
.jpg)
এমন ভাবনা থেকেই তিনি সমাধিস্থল কর্তৃপক্ষের কাছে এক অনন্য অনুরোধ করেন। তিনি চান, মেয়ের কফিনের মাথার দিকে একটি ছোট জানালা রাখা হোক এবং কবরের পাশে সরাসরি নিচে নামার জন্য সিঁড়ি তৈরি করা হোক। যাতে ঝড় উঠলেই তিনি কবরের ভেতরে নেমে গিয়ে মেয়ের কাছে বসতে পারেন। জীবনের মতোই তাকে গান শোনাতে পারেন, গল্প বলতে পারেন। যেন কবরের অন্ধকারেও মেয়েটি তার মায়ের উপস্থিতি অনুভব করে। যদিও বিষয়টি তখনকার সমাজে অস্বাভাবিক মনে হয়েছিল, তবুও কর্তৃপক্ষ অ্যালেনের হৃদয়ের আকুল আবেদন বুঝতে পারে। খুব শিগগিরই নির্মিত হয় পৃথিবীর সবচেয়ে মানবিক ও অনন্য সমাধি ফ্লোরেন্স আইরিন ফোর্ডের সমাধি। সমাধির উপরিভাগে লাগানো হলো একটি ধাতব trap door, যা খুলে সরু সিঁড়ি বেয়ে নামা যায় প্রায় ছয় ফুট নিচে। নিচে গিয়ে অ্যালেন বসতেন ফ্লোরেন্সের কফিনের পাশে। কফিনের মাথার দিকে থাকা কাচের ছোট জানালা দিয়ে তিনি মেয়ের দিকে তাকাতে পারতেন, তার সঙ্গে কথা বলতে পারতেন।
কল্পনা করলে শিউরে উঠতে হয় এক মায়ের এমন ভালোবাসা কি পৃথিবীতে দেখা যায়? ঝড়ের রাতে বজ্রপাতের শব্দ ছাপিয়ে অ্যালেনের কণ্ঠস্বর হয়তো ভেসে আসত ‘মা ভয় পেয়ো না, আমি আছি।’ এমন অদ্ভুত, বেদনাময় আর স্নেহে ভরা দৃশ্য ভাবলেও চোখ ভিজে ওঠে। ফ্লোরেন্সের মৃত্যুর পরের কয়েক বছর ধরে অ্যালেন এভাবেই ঝড়ের রাতে সিঁড়ি বেয়ে নেমে যেতেন। তার কাছে এটি ছিল দায়িত্ব, ছিল প্রতিশ্রুতি। মৃত্যু তার মেয়েকে কেড়ে নিতে পারে, কিন্তু মায়ের দায়িত্ব কেড়ে নিতে পারে না, এটাই যেন তিনি জীবন্ত প্রমাণ করতে চাইতেন।
১৯৫০-এর দশকে সমাধিতে কিছু ভাঙচুর ঘটে। তখন কফিনের জানালাটি সুরক্ষার জন্য কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া হয়, যদিও সিঁড়ি ও ধাতব দরজা আগের মতোই রাখা হয়। আজও দর্শনার্থীরা গিয়ে এই অদ্ভুত স্থাপত্য দেখতে পারেন, যেখানে মানুষ প্রথমে অবাক হয়, তার পর আবেগে ভেঙে পড়ে। সমাধিটি আজও Natchez City Cemetery, Mississippi-তেই রয়েছে এবং এটি পর্যটক ও ইতিহাসপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ। ফ্লোরেন্স আইরিন ফোর্ডের সমাধির শিলালিপিটি আরও একবার প্রমাণ করে দেয়- এই শিশুটা তার মায়ের হৃদয়ে কী অমূল্য স্থান দখল করে ছিল। শিলালিপিতে লেখা: ‘As bright and affectionate a Daughter as ever God with His Image blest.” (ঈশ্বর তার প্রতিমূর্তি দিয়ে আশীর্বাদ করেছেন এমন উজ্জ্বল ও স্নেহময়ী কন্যা।)
আজও অনেকে সেই সমাধির সামনে দাঁড়ালে কল্পনা করেন, কীভাবে অ্যালেন ফোর্ড ঝড়ের রাতে সিঁড়ি বেয়ে নেমে যেতেন, কীভাবে অন্ধকারে মেয়ের কাছে বসে গান গাইতেন! মনে হয় যেন সেই মায়ের সুর এখনো বাতাসে ঝুলে আছে, ঝড়ের রাতে সেই সমাধি যেন গল্প বলে এক মায়ের ভালোবাসার গল্প। মা যে সন্তানকে রক্ষা করতে পৃথিবীর যেকোনো কিছু করতে পারেন। সময় তাকে থামাতে পারে না, মৃত্যু তাকে থামাতে পারে না।
ফ্লোরেন্স আইরিন ফোর্ডের সমাধি একটিমাত্র কবরের গণ্ডিতে আটকে নেই; এটি ভালোবাসার চিরস্থায়ী প্রতীক, এমন এক অনুভব যা জানিয়ে দেয়, মায়ের হৃদয়ে সন্তান সবসময়ই নিরাপদ, সবসময়ই আশ্রিত। আজ যদি কেউ মিসিসিপির সেই সেমেটারিতে যায়, ধাতব দরজার সামনে দাঁড়িয়ে হয়তো উপলব্ধি করবে মানুষের জীবনে ভালোবাসার সবচেয়ে বড়, সবচেয়ে স্থায়ী আশ্রয় হলো মা। পৃথিবীর কোনো ঝড়ই সেই আশ্রয়কে নষ্ট করতে পারে না।
তারেক/
.jpg)
.jpg)