উষ্ণমণ্ডলীয় অরণ্যের কথা বললে প্রথমত জীববৈচিত্র্যের একটি অসীম ভাণ্ডারের কথা মনে আসে। এই অঞ্চল যেন বহু অজানা জীবনের নিরাপদ স্থান। এর ভেতরে অনেক উদ্ভিদ রয়েছে যাদের গঠন, বাঁচার কৌশল বা জীবনচক্র দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে ধীরে ধীরে এক একটি বিস্ময় জন্ম দিচ্ছে। আমাজন জঙ্গলে এমনই একটি অদ্ভুত গাছ দেখা যায়, যার নাম Hura crepitans। সাধারণ মানুষ একে ‘স্যান্ডবক্স ট্রি’ বলে জানে, তবে এর ফলের অদ্ভুত আচরণের জন্য অনেকেই একে ‘ডায়নামাইট গাছ’ বলেও চেনে।
তবে এই গাছের আসল রহস্য তার ফলের মধ্যে লুকানো আছে। গোলাকার ও কঠোর খোলসের ফলটি যখন পুরোপুরি পেকে যায়, তখন তা আকস্মিকভাবে বিকট শব্দে ফেটে যায়। মনে হয় যেন একটি ছোট বিস্ফোরণ ঘটেছে। এ কারণেই অনেকে একে ‘ডায়নামাইট গাছ’ নামে ডাকেন। ফলের ভেতরে চাপ এক সময় সহ্যসীমা অতিক্রম করলে খোলসটি ভেঙে যায়, আর ভেতরের বীজ চারদিকে ছিটকে পড়ে। উদ্ভিদবিজ্ঞানে এই ঘটনাকে বলা হয় explosive seed dispersal. গবেষণায় দেখা গেছে, এই বীজ কখনো কখনো দশ মিটার দূর পর্যন্ত চলে যেতে পারে। অরণ্যের মাঝে সেই শব্দ শুনলে সত্যিই মনে হয় যেন কোথাও হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে গেছে।
এই সময় যদি কেউ গাছটির কাছে দাঁড়িয়ে থাকে, তা হলে বিপদ ঘটতে পারে। ছিটকে আসা বীজগুলো শক্ত হওয়ার কারণে কাছাকাছি থাকলে চোখ বা শরীরের খোলা অংশে আঘাত লাগার সম্ভাবনা থাকে। তাই ফল পাকার সময় এই গাছের নিচে না দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ।

তবে প্রকৃতির দৃষ্টিকোণ থেকে এই বিস্ফোরণ মোটেও নাটকীয় নয়। যদি বীজ সব সময় মূল গাছের তলে পড়ে যেত, তা হলে আলো, মাটি এবং পুষ্টির জন্য তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হতো। নতুন চারা সহজে বেড়ে উঠতে পারবে না। কিন্তু বীজ দূরে ছিটকে গেলে তারা নতুন স্থানে পড়ে অঙ্কুরিত হওয়ার সুযোগ পায়। এভাবেই গাছটি নিজের বংশ বিস্তার করে এবং সেই সঙ্গে অরণ্যের পুনর্জন্মের প্রক্রিয়াকেও এগিয়ে নিয়ে যায়। গাছটির ফল খাওয়া যায় না। প্রকৃতপক্ষে এটি বিষাক্ত। ফলের ভেতরের অংশে এমন রাসায়নিক রয়েছে যা মানবদেহে গেলে জ্বর, বমি, ডায়রিয়া এবং তীব্র বিষক্রিয়ার কারণ হতে পারে।
পরিণত হওয়ার সময় এই গাছ অনেক লম্বা হয়ে ওঠে, যা প্রায় ৩০ থেকে ৪০ মিটার পর্যন্ত। কাণ্ড মোটা এবং শক্ত, আর অদ্ভুতভাবে কাঁটায় ভরা থাকে। দূর থেকে দেখলেই বোঝা যায়, এটি অন্য গাছের মতো নয়। গুঁড়ির গায়ে সারি সারি তীক্ষ্ণ কাঁটা যেন বিচিত্র এক দৃশ্য সৃষ্টি করে। পাতাগুলো বড় এবং উজ্জ্বল সবুজ, যা সূর্যের আলো ধরে রেখে সারা দিন নিজের খাদ্য তৈরিতে ব্যস্ত থাকে। ফুল থাকলেও সেগুলো খুব বেশি চোখে পড়ে না।
আরো পড়ুন: অফিসেও দাঁত ব্রাশ করেন যে দেশের মানুষ
গাছটিতে একটি অন্য ধরনের বৈশিষ্ট্য আছে, যা এর কাছাকাছি অবস্থানকালে সতর্ক হতে বাধ্য করে। গাছের গাঁটে সামান্য আঁচড় লাগলেই ভেতর থেকে সাদা দুধের মতো এক ধরনের রস বের হয়ে আসে। এই রসকে উদ্ভিদবিদরা ল্যাটেক্স বলে। এটি অত্যন্ত বিষাক্ত এবং ত্বকে লাগলে জ্বালা বা অস্বস্তি সৃষ্টি করতে পারে। তাই গবেষক কিংবা স্থানীয় মানুষরা গাছটির কাছে কাজ করার সময় সাধারণত সতর্ক থাকেন।
গবেষণা ও নৃতাত্ত্বিক উদ্ভিদবিদ্যার তথ্য অনুযায়ী, এই গাছের কাঠ হালকা হলেও টেকসই হওয়ায় দক্ষিণ আমেরিকার কিছু আদিবাসী জনগোষ্ঠী তা দিয়ে ছোট নৌকা বা কাঠের সামগ্রী তৈরি করত। গাছের বীজে থাকা তেল থেকে সাবান বা বায়োডিজেল তৈরির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। ঐতিহ্যগত চিকিৎসায় এর পাতা ও নির্যাস কখনো কখনো ত্বকের রোগ, বাত বা অন্ত্রের কৃমি দূর করতে ব্যবহার করা হতো, যদিও উদ্ভিদটি অত্যন্ত বিষাক্ত হওয়ায় আধুনিক চিকিৎসাবিজ্ঞানে সরাসরি ব্যবহার খুব সীমিত। সাম্প্রতিক কিছু গবেষণায় এর ভেতরে থাকা বিভিন্ন জৈব রাসায়নিক যৌগের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং সম্ভাব্য অ্যান্টিটিউমার কার্যকারিতার ইঙ্গিতও পাওয়া গেছে, যদিও নিরাপদ চিকিৎসা ব্যবহারের জন্য আরও গবেষণা প্রয়োজন।
প্রকৃতির দিকে নজর দিলেই বোঝা যায়, প্রতিটি উদ্ভিদ তার পরিবেশের সঙ্গে নিবিড় একাত্মতা গড়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। Hura crepitans এই অভিযোজনের একটি দুর্দান্ত উদাহরণ। কাঁটায় পূর্ণ বীজের কাণ্ড, বিষাক্ত রস এবং বিস্ফোরকের মতো বীজ ছড়ানোর পদ্ধতি সব মিলিয়ে এটি অরণ্যের জটিল জীববৈচিত্র্যের একটি অদ্ভুত চিহ্ন। অসংখ্য গাছের ভিড়ের মাঝেও এর উপস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি সৃষ্টির মধ্যে লুকিয়ে থাকা বিস্ময়, টিকে থাকার যুদ্ধে সংগ্রাম, আর জীবনের প্রবাহকে এগিয়ে নেওয়ার এক গভীর পরিকল্পনা।
তারেক/
.jpg)