প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকা বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম জাপান। দেশটিতে জনসংখ্যা যেমন কম তেমনি পরিবার গঠনেও খুব একটা আগ্রহী নন তারা।
জাপানে বিশ্বের সবচেয়ে বেশি বৃদ্ধ বসবাস করেন। দেশটির বেশির ভাগ মানুষই একাকিত্বে ভোগেন। এজন্য তারা পরিবার গঠন না করলেও ভাড়া করেন সঙ্গী। কেউ প্রেমিক বা প্রেমিকা ঘণ্টা চুক্তিতে সঙ্গী ভাড়া করে মনের কথা বলতে পারেন। তেমনি চাইলে দাদি বা কোনো বৃদ্ধাকেও ভাড়া করতে পারেন।
আমাদের জীবনে দাদি-নানির গুরুত্ব কতখানি তা হয়তো নতুন করে বলার কিছু নেই। ছোটবেলায় এই মানুষগুলোর কাছ থেকে আমরা সবচেয়ে বেশি আদর পেয়েছি, যত আবদার ছিল তাদের কাছেই। তেমনি বড় হওয়ার পরও তাদের গুরুত্ব আমাদের জীবন থেকে কমে না একটুও। মন খুলে একটু কথা বলতে কিংবা জীবনের কোনো জটিল সময়ে পরামর্শ নিতে ভরসা দাদি-নানি।
জাপানে তাই ষাটোর্ধ্ব নারীদের দিয়ে এই গ্র্যান্ডমা পরিষেবা দিয়ে থাকে অনেক এজেন্সি। ওকে গ্র্যান্ডমা জাপানের একটি ক্লায়েন্ট সার্ভিসেস কোম্পানি। তারাই ক্লায়েন্ট সার্ভিসেস প্রতিষ্ঠার দুই বছর পর ২০১২ সালে এই পরিষেবাও চালু করেন। সেখানে নিযুক্ত আছেন ১০০ জনেরও বেশি বয়স্ক কর্মী। যারা জীবনের অভিজ্ঞতা, তাদের আবেগ সবকিছু নিয়ে অবদান রাখতে চান এই সমাজে। তাদের মধ্যে কেউ আছেন খুব ভালো রান্না করেন, কেউ ছোটদের যত্ন করতে পারেন, কেউ গল্প করতে পারেন, পরামর্শ দিতে পারে, কারো বা হাতের লেখা খুব ভালো। কেউবা অভাবী কাউকে কেবল সঙ্গ দেওয়ার কাজটিই করেন।
এই ধরনের সার্ভিস সাধারণত নেন ব্যস্ত বাবা-মা, যারা ছোট বাচ্চার দেখাশোনা করতে পারেন না, তারা একজন অভিজ্ঞ, স্নেহময় দাদি ভাড়া নেন বাচ্চাদের গল্প শোনানো, খাওয়ানো বা সময় কাটানোর জন্য। অনেকে তাদের প্রয়াত বা দূরে থাকা দাদির অভাব বোধ করেন। তারা একজন বয়স্ক নারীকে ভাড়া করে দাদির মতো মমতা ও সাহচর্য পেতে চান।
আবার যারা জাপানে নতুন এবং পরিবার থেকে দূরে থাকেন, তারাও এ সার্ভিসের মাধ্যমে পারিবারিক উষ্ণতা খোঁজেন। এর মধ্যে অনেকেই আছেন প্রবাসী বা অভিবাসী। সিনেমা, নাটক বা ভিডিও কনটেন্ট নির্মাতারাও ভাড়া করেন তাদের। কোনো বিশেষ দৃশ্যে দাদি চরিত্র দরকার হলে এজেন্সি থেকে ভাড়া করে নেন।
আপনার মনে প্রশ্ন আসতেই পারে কেন এমন সার্ভিসের প্রয়োজন হলো? জাপানে দীর্ঘদিন ধরে একাকিত্ব একটি জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত। বহু মানুষ জীবনের একটা পর্যায়ে গিয়ে একা হয়ে যান। ‘হিকিকোমরি’ নামে পরিচিত কিছু তরুণ বছরের পর বছর ধরে ঘর থেকে বের হন না। একা, নিঃসঙ্গ অবস্থায় থাকতে থাকতে অনেকে একসময় আত্মহত্যার পথ বেছে নেন।
জাপানের পরিবারে সদস্য সংখ্যা কমছে, বৃদ্ধ বাবা-মা অনেক সময় একা থাকেন। শিশুদের বড় করতে দাদি-নানির ভূমিকা কমে যাওয়ায় শিশুরা ‘জেনারেশনাল বন্ড’ হারাচ্ছে। এসব সমস্যার সমাধানে জাপানে ‘পরিবার বা সম্পর্ক ভাড়া’ নামক ধারণা জন্ম নেয়, যার ভেতরে দাদি ভাড়াও একটি অংশ।
অন্যদিকে এই সার্ভিস একটি লাভজনক ব্যবসা। ভাড়া করা সম্পর্কের জন্য প্রতি ঘণ্টায় ১,০০০ থেকে ৫,০০০ ইয়েন পর্যন্ত নেওয়া হয় (বাংলাদেশি টাকায় প্রায় ৭০০ থেকে ৩,৫০০ টাকা)। এজেন্সিগুলো এসব মানুষকে প্রশিক্ষণ দিয়ে পাঠায় এবং পর্যবেক্ষণ রাখে।
জাপানে এমন সব এজেন্সি রয়েছে যারা মানুষকে ভাড়া দেয়। এর মধ্যে প্রেমিক-প্রেমিকা, বন্ধু, বাবা-মা, ভাইবোন এমনকি স্বামী-স্ত্রীও রয়েছে। এ ছাড়া কান্নার সঙ্গী, কফিনে শুয়ে থাকার পার্টনার, এমনকি বিবাহের অতিথিও ভাড়া পাওয়া যায় জাপানে।
গ্র্যান্ডমা সার্ভিসের মানবিক বা বাণিজ্যিক দুই দিকই রয়েছে। মানবিক দিক হচ্ছে এই সার্ভিস অনেকের জীবনে ভালো প্রভাব ফেলে। কেউ কেউ আত্মহত্যার চিন্তা থেকে ফিরে আসেন, শিশুরা বয়স্কদের ভালোবাসা পান, অনেকে মানসিকভাবে স্থিতিশীল হন।
তারেক/
.jpg)