দেশের অন্যতম বিতর্ক সংগঠন ন্যাশনাদল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) -এর আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘এনডিএফ বিডি ফার্স্ট অ্যালামনাই নাইট ২০২৫’। গতকাল শুক্রবার (১৬ মে) রাজধানীর গুলশানের এক ক্লাবে এই মিলনমেলায় অংশ নেন সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা। ২২ বছরের পথচলার সঙ্গীদের পদচারণায় মুখর ছিল আয়োজনটি।
এনডিএফ বিডির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক একেএম শোয়েবের সভাপতিত্বে আয়োজনের শুরুতে জুলাই বিপ্লবে শহীদ ও প্রয়াত বিতার্কিকদের স্মরণে নিরবতা পালন করা হয়েছে। বাংলাদেশ বিনির্মাণে এনডিএফ বিডির অকুতোভয় বিতার্কিকদের অসামান্য অবদানের কথা দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করেন তিনি। পাশাপাশি বিগত ২২ বছরে সুখে-দুঃখে পাশে থাকায় অ্যালামনাইদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিবেট অর্গানাইজেশনের (জুডো) প্রতিষ্ঠাতা সম্পাদক রাজন।
এরপর স্মৃতিচারণ করেন বিভিন্ন সময় এনডিএফ বিডির নেতৃত্বে থাকা অ্যালামনাইরা। তাঁরা বলেন, এনডিএফ বিডি শুধু বিতর্ক নয়, দেশ গড়ার চিন্তা নিয়েও কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, র্যাফেল ড্র ও কেক কাটা হয়। এ ছাড়া অ্যালামনাইদের কবিতা, গান ও আড্ডায় মুখর ছিল পুরো সন্ধ্যা। এনডিএফ বিডির অ্যালামনাই ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে পুরো আয়োজন। উপস্থিত ছিলেন দিলরুবা আরা রব, ডা. অদিতি আরা তৃষা, জিয়াউল হক সুমন, অ্যাডভোকেট তামজিদ হাসান পাপন, ডা. আসিফ, ডা. স্বাক্ষর, আল নোমান, ডা. রিপনসহ অনেকে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এনডিএফ বিডির মহাপরিচালক ও জনপ্রিয় উপস্থাপক এম আলমগীর। এনডিএফ বিডির দুই দশকের পথচলায় যুক্ত থাকা শতাধিক সাবেক সদস্যের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত পুনর্মিলনীতে।