ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে এই ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষায় মোট ১৩০টি আসনের বিপরীতে ৬ হাজার ৫২১ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়লেন প্রায় ৫১ জন।
এদিকে, পরীক্ষা চলাকালীন সময় বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চারুকলা অনুষদ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। ঢাবি উপাচার্য অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সফলতা কামনা করেন।
এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখসহ আরও অনেকেে উপস্থিত ছিলেন।
এ বছর ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আইবিএ ও চারুকলা ইউনিট ছাড়া অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।
আরিফ জাওয়াদ/নাঈম