পুলিশের অভিযানের সময় গুলি ছুঁড়ে পালিয়েছে চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। সে টোকাই সাজ্জাদ হিসেবেও এলাকায় পরিচিত। এই ঘটনায় দু’জন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে অক্সিজেন মোড়ের জালালাবাদ পেট্রোল পাম্প এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে সাজ্জাদের স্ত্রী পরিচয় দেওয়া এক নারী এবং দুই যুবককে আটক করেছে পুলিশ। কথায় কথায় গুলি ছুঁড়েন সাজ্জাদ এমন অভিযোগসহ তার বিরুদ্ধে কয়েকটি খুনের মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রোল পাম্পের পেছনে সাততলা ভবনের পঞ্চম তলায় সাজ্জাদকে ধরার জন্য পুলিশ অভিযান চালায়। এসময় সে এক ছাদ থেকে লাফ দিয়ে অন্য ভবনের ছাদে পড়ে পালিয়ে যায়। পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলিও ছুঁড়ে। এই ঘটনায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তারা হলেন- ওই এলাকার বাসিন্দা কাজল কান্তি দে (৩৬) ও মো. জাবেদ (৩৪)। কাজল কান্তি দে অক্সিজেন মোড়ের সিটি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড।
সিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন বলেন, সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। আহতরা ছিলেন পথচারি।
স্থানীয় সূত্র জানায়, বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন অনন্যা, শীতলঝর্ণা, কালারপুল, হাটহাজারীর কুয়াইশ, নগরের চান্দগাঁও হাজীরপুল ও পাঁচলাইশ এলাকায় ১৫ থেকে ২০ জনের বাহিনী নিয়ে চাঁদাবাজি, জমি দখল থেকে শুরু করে সেখানকার পুরো অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে সাজ্জাদ।
মাহফুজ/এমএ/