চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) ভিড়েছে পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ 'এমভি ইউয়ান জিয়ান ফা ঝং'।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জাহাজটি ৮১১টি (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে বন্দরে পৌঁছায়।
এর আগের বেলা ২টার দিকে জাহাজটি চট্টগ্রামে বোট ক্লাবের পাশে দিয়ে কর্ণফুলী নদী হয়ে বন্দরে দিকে যেতে দেখা যায়। এ জাহাজে কনটেইনার লোড অবস্থায় ছিল। যা চট্টগ্রাম বন্দরের নামানো হবে।
জাহাজটি চট্টগ্রাম বন্দর-করাচি-সংযুক্ত আরব আমিরাত রোডে দীর্ঘদিন থেকে চলাচল করে।
বিষয়টি নিশ্চিত করেছে শিপিং এজেন্ট কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা।
তিনি বলেন, জাহাজটি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে ৮১১টি কনটেইনার নিয়ে এসেছে। এর মধ্যে ৮৬ শতাংশ পণ্য পাকিস্তান থেকে এবং বাকি ১৪ শতাংশ সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ১১৩টি কনটেইনার নিয়ে করাচি যায় জাহাজটি। পরে করাচি থেকে আরও ৬৯৮টি কনটেইনার বোঝাই করে চট্টগ্রামে আসে।
তিনি আরও জানান, প্রথমবারের তুলনায় এবার জাহাজটি কম সময়ে দ্বিগুণ কনটেইনার এনেছে। এতে ব্যবসায়ীদের খরচও সাশ্রয় হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপকমিশনার সাইদুল ইসলাম জানান, আইজিএমের (ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট) ঘোষণা অনুযায়ী, জাহাজটিতে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। এর মধ্যে ২৮৫ কনটেইনারে রয়েছে ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগ চিনি, যার ওজন প্রায় সাড়ে ৭ হাজার টন।
এছাড়া অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে- ১৭১ কনটেইনার ডলোমাইট (গ্লাস তৈরির কাঁচামাল), ১৩৮ কনটেইনার সোডা অ্যাশ (সিমেন্টের কাঁচামাল), ৪৬ কনটেইনার কাপড়ের রোল, ১৮ কনটেইনার আলু এবং ২০ কনটেইনার আখের গুড়।
এমভি ইউয়ান জিয়ান ফা ঝং জাহাজটি সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান থেকে আমদানি পণ্য দ্রুত সময়ে পৌঁছে দিয়ে ব্যবসায়িক খরচ হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখছে।
সম্প্রতি ঢাকায় পাকিস্তান রাষ্ট্রদূতের এক বক্তব্যে জাহাজের বিষয়টি আলোচনায় আসে।
আবদুস সাত্তার/মাহফুজ/এমএ/