চট্টগ্রাম সরকারি কলেজ থেকে সকালে কক্সবাজারের উদ্দেশে পায়ে হেঁটে রওনা দিয়েছে রোভার স্কাউটসের চার সদস্যের একটি দল। জনসচেতনতামূলক বিভিন্ন স্লোগান সামনে রেখে এ পরিভ্রমণ করেছেন বোয়ালখালী ঘাসফুল মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার রিমেল বড়ুয়া, এহছানুল হক নিলয়, স্যার আশুতোষ সরকারি কলেজের রোভার রায়হানুল কালাম এবং গাছবাড়িয়া সরকারি কলেজের রোভার জয়াশীষ সূত্রধর। কক্সবাজার পৌঁছাতে তাদের পাড়ি দিতে হবে ১৫০ কিলোমিটার সড়কপথ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টায় শুরু হওয়া তাদের এ পরিভ্রমণ ২৭ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা পরিষদে গিয়ে শেষ হবে। এ সময় গাছবাড়িয়া সরকারি কলেজ, লোহাগাড়া উপজেলা পরিষদ, চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও রামু উপজেলা পরিষদে যাত্রাবিরতি ও রাতযাপন করবেন।
চলতি পথে তারা বিদ্যুৎ অপচয় রোধ, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা, সড়ক দুর্ঘটনারোধে করণীয়, প্লাস্টিক বর্জন এবং পলিথিনের বিকল্প ব্যবহারে প্রচার চালাবেন। এ ছাড়া তথ্যপ্রযুক্তি সম্পর্কে ও স্কাউট আন্দোলন সম্পর্কেও তারা প্রচার চালাবেন বলে জানিয়েছেন।
স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের যুগ্ম সম্পাদক মো. আবু সালেহ বলেন, প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনের লক্ষ্যে রোভার স্কাউট প্রোগ্রামের পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করতে হয়।
এ পরিভ্রমণের প্রাক্কালে উপস্থিত ছিলেন স্কাউটস জেলা রোভারের যুগ্ম সম্পাদক মো. আবু সালেহ, অফিস সহকারী রোভার মাসুম আহমেদ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আব্দুল্লাহ আল নোমান, গার্ল ইন রোভার উম্মে হাবিবা আইরিন ও পরিভ্রমণকারী রোভার রায়হানের বাবা আবুল কালাম।