নওগাঁর বদলগাছী উপজেলার শালুককুড়ি গ্রামের মাঠ থেকে দুই ডানায় গুলিবিদ্ধ বিরল প্রজাতির একটি ঈগল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) আহত অবস্থায় ঈগলটিকে উদ্ধার করে সন্ধ্যার পর চিকিৎসার জন্য জয়পুরহাটের আক্কেলপুর প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসেন দুই কিশোর সাব্বির হোসেন ও গোলাম রব্বানী।
জানা গেছে, শুক্রবার বিকেলে দুই কিশোর ধানখেত দেখতে গিয়েছিলেন। এ সময় তারা জমির ভেতর একটি বড় পাখি পড়ে থাকে দেখেন। মানুষ দেখে ঈগল পাখিটি চোখ রাঙানো শুরু করলে তারা প্রথমে একটু ভয় পেয়ে যান। এরপর সাহস করে কাছে গিয়ে দেখতে পান পাখির ডানায় ক্ষত ও রক্তের চিহ্ন রয়েছে, সেইসঙ্গে পাখিটি ব্যথায় কাতরাচ্ছিল। তখন তারা অসুস্থ ঈগলটিকে উদ্ধার করে চার কিলোমিটার দূরে পার্শ্ববর্তী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসেন। সেখানে ঈগলটির চিকিৎসা দিয়ে আক্কেলপুর পৌরশহরের নিচা বাজার এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের জিম্মায় দেওয়া হয়।
সাব্বির হোসেন বলেন, ‘পাখিটির দুটি ক্ষত চিহ্ন ও রক্ত দেখতে পেয়ে আমরা আক্কেলপুর প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসি। ডা. ঈগলের দুটি পাখা ড্রেসিং করে ইনজেকশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন। পাখিটিকে বাঁচাতে পেরেছি, এতেই অনেক ভালো লাগছে।’
পাখিটিকে জিম্মা নেওয়া মোশারফ হোসেন বলেন, ‘আমি ঈগল পাখিকে নিজের বাড়িতে রাখব। যত দিন লাগে সুস্থ করব। সুস্থ না হওয়া পর্যন্ত নিজ উদ্যোগে নিয়মিত প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে আসব।’
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মনজুরুল হাসান সুমন বলেন, ‘ঈগলের দুই ডানায় গুলির চিহ্ন রয়েছে। এজন্য পাখিটি খুবই অসুস্থ হয়ে পড়েছিল। সঠিক সময়ে দুই কিশোর পাখিটিকে চিকিৎসা করাতে এনেছেন। তাদের এমন কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়। আর ঈগলটি যারা গুলি করেছে তারা অবশ্যই নিকৃষ্ট মনের মানুষ।’
সাগর কুমার/সুমন/