মুন্সীগঞ্জের গজারিয়ায় বাঘাইকান্দিতে সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া ও গুলিতে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাঘাইকান্দি গ্রামের আলামিন মাস্টার (৪২), আব্দুল বাসেদ (৪৫) ও কবির (৫৫)। তারা স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার (১৬ জুলাই) ষোলআনী বালুমহালে চাঁদা চাইতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয় তিনজন। এ ঘটনায় হোগলাকান্দি গ্রামের হাবুল বাঘের ছেলে হৃদয় বাঘকে প্রধান আসামি করে গজারিয়া থানায় একটি মামলা করেন বালুমহালের ক্যাশিয়ার জান্নাত হোসেন। ঘটনার পর হৃদয় বাঘ একদিন আত্মগোপনে থাকলেও বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে এলাকায় ফিরে আসেন। এ সময় শুটার মান্নান তার সমর্থকদের নিয়ে সশস্ত্র মহড়া দেয়। এ ঘটনার কিছুক্ষণ পর ৬-৭টি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয়রা।
এদিকে শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বাঘাইকান্দি বাজারে যায় শুটার মান্নান, হৃদয় বাঘ, সোহেলসহ বেশ কয়েকজন। কিছু সময় পর তাদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির একপর্যায়ে এলোপাতাড়ি গুলিতে আহত হন তিনজন। ধারণা করা হচ্ছে, তাদের শটগানের গুলিতে তারা আহত হয়েছেন।
এ বিষয়ে ইমামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ‘এরকম একটি খবর শুনেছি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ৪-৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের নাম পেয়েছি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা বলতে পারব না।’
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দুইজনের গায়ে শটগানের গুলির আঘাত রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা অব্যাহত রয়েছে।’