কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পরোয়ানাভুক্ত এক আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চেকপোস্টে ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয়দের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এ সময় দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এই ফাঁকে আসামি রবিন পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ওই এলাকায় অভিযান চালানো শুরু করে। সন্ধ্যা পর্যন্ত সেখান থেকে ছয়জনকে আটক করা হয় বলে জানা গেছে।
পুলিশ বলছে, রবিন পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি। ইট-পাটেল নিক্ষেপে পুলিশের একটি গাড়ির ক্ষতি হয়েছে। এছাড়া আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, শনিবার দুপুরে ধর্মপুর এলাকায় চেকপোস্টে আসামি রবিনকে তল্লাশি করে তার কাছে একটি ছুরি পায়। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ীদের উত্তেজনা দেখা দেয়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে রবিন পালিয়ে যায়। ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে।
জহির শান্ত/অমিয়/