ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
মাস্টার বাড়ি কোরবানির চামড়া বিক্রিতে ধস কৃষি শব্দকোষ টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষ জীবনধারা বদলান, বিদ্যুৎ সাশ্রয় করুন খবরের কাগজে পদোন্নতি-বাণিজ্যের প্রতিবেদন প্রকাশ: তদন্তে নেমেছে আইন মন্ত্রণালয় মেধাবীদের বিদেশে উচ্চশিক্ষার প্রবণতা কী বার্তা দিচ্ছে পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট ব্রাদার্সের ক্রিকেটারদের অস্তিত্ব সংকটে হাঁড়িধোয়া নদী উত্তরবঙ্গ শিল্পোন্নত হোক দীনেশচন্দ্র সেন ও লোককাহিনির মঞ্চ-পরিবাহন মোস্তফা কামালের বিষাদ বসুধা স্বাধীনতার অবিনাশী ছাত্র ও যুব নেতৃত্ব চাকরি দিচ্ছে ওয়ালটন, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি: জীবনযাত্রা হবে আরও ব্যয়বহুল বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান ৩ ভাই নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল সুন্দর পুরুষ টিভিতে আজকের খেলা কেমন হবে মুমিনের হজ-পরবর্তী জীবন ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে পুড়ল অর্ধশতাধিক দোকান জীবন একদিন শেষ হয়ে যায়! মুন্সীগঞ্জে বিদেশি বিয়ারসহ গ্রেপ্তার ৩ ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩ বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযোগপত্র দাখিল বিষাদ-বেদনার আঙুলে চুমো খাও নির্বাচনের খরা কাটল মাসুদুজ্জামানের শান্তি নিদ্রা
Nagad desktop

নির্বাচিত হলে সম্পদ বাড়বে না: আবু সুফিয়ান

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম
নির্বাচিত হলে সম্পদ বাড়বে না: আবু সুফিয়ান
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, অতীতে যারা বিনা ভোটে চেয়ারে বসেছিল, ক্ষমতায় গিয়েছিল, তাদের সম্পদ যেভাবে বেড়েছে। আমি ওয়াদা করছি। যদি নির্বাচিত হয়ে সংসদে যাই, আমি এবং আমার পরিবারে বর্তমানে যেটুকু সম্পদ আছে তার এক টাকাও বাড়বে না।

রবিবার (১১ জানুয়ারি) তিনি নগরের জামাল খানস্থ একটি রেস্টুরেন্টে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। 

তিনি বলেন, ফ্যাসিস্ট বিদায় হয়েছে। নতুন স্বপ্ন নিয়ে মানুষ জেগে উঠেছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালিত হবে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি। নির্বাচনে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করবে। যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, যদি আমার দল সরকার গঠন করতে পারে এটাকে কোনোভাবে ক্ষমতা হিসেবে নিতে চাই না, পবিত্র আমানত হিসেবে নিতে চাই। 

তিনি বলেন, এখানে আমার দলের অনেক যোগ্য প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। তারপরও দল আমাকে দিয়েছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের সমস্ত নেতৃবৃন্দ নিজেরা প্রার্থী হলে যেভাবে কষ্ট করতেন সেভাবে উনারা ধানের শীষের জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, দেশের সকল প্রতিষ্ঠান ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের কারণে ধ্বংস হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানকে গড়ে তুলতে হবে। প্রত্যেক জনপ্রতিনিধি যদি জনগণ ও দেশের স্বার্থকে প্রাধান্য দেয় তাহলে যে নিরাপদ, বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশ পাব। 

আবু সুফিয়ান বলেন, জনগণের যে আকাঙ্ক্ষা, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন সে দিকে আমরা যাচ্ছি। নির্বাচনি আচরণবিধি মেনে আগামী ২২ জানুয়ারি থেকে আমরা নির্বাচনি প্রচারণা শুরু করব। বিএনপি জুলাই আন্দোলন এবং এর পূর্বেও গত ১৭ বছর ধরে দেশের জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার অর্জনের জন্য নিরলস সংগ্রাম করেছে। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। আমাদের নেতা বিএনপির চেয়ারপারসন তারেক রহমান প্রায় ১৭ বছর নির্বাসিত জীবন যাপন করেছেন। 

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ সাহেবের গণসংযোগে গুলিবর্ষণ হয়েছে, একজন মারা গেছে। তারপর ঢাকায় ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেছেন। আমরা এসমস্ত ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নিতে পারিনা। নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে কোন না কোন মহল যারা নির্বাচন বন্ধ করতে চায় এটা তাদের কাজ।

তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। এটা প্রশাসনের দায়িত্ব। প্রার্থী হিসেবে প্রশাসনকে যেটুকু সহযোগিতা করার তা করবো। 

এক প্রশ্নের জবাবে আবু সুফিয়ান বলেন, জামায়াত ও এনসিপির কেউ যদি তফশিল ঘোষণার আগে থেকে প্রচারণা চালিয়ে থাকেন তাহলে তারা অপরাধ করেছেন। আমরা আচরণবিধি মেনে ২২ তারিখ থেকে প্রচারণায় যাব। তবে হ্যাঁ মানুষের সাথে আমাদের সম্পর্কটা একদম গভীরে। নির্বাচনে প্রচারণায় এখনো না গেলেও আমরা তাদের চেয়ে এগিয়ে আছি। 

তিনি বলেন, এক সময় নির্বাচনটা ছিল একটা উৎসব। ঈদের মত আনন্দ নিয়ে সবাই সপরিবারে ভোট কেন্দ্রে যেত। কিন্তু বিগত দিনে জনগণের উপর আস্থা হারিয়ে বিগত সরকার সেই ভোটের দিনকে আতঙ্কের দিনে পরিণত করেছিল, গুলি বোমা ককটেল এগুলো ফাটিয়ে। সেই কালো অধ্যায় থেকে বেরিয়ে নতুন অধ্যায় সৃষ্টি করতে চাই। মানুষের মধ্যে নির্বাচনে অংশগ্রহণের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। দেখবেন অন্যান্য ভোটের চেয়ে আরো বেশি মানুষ এবার ভোটকেন্দ্রে যাবে। জনগণের প্রদত্ত ভোটের ফলাফল প্রকাশিত হবে। এটাই প্রত্যাশা করছি। সেনাবাহিনী এবং অন্যান্য যারা স্ট্রাইকিং ফোর্স আছে ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নিশ্চয়তা দেয়া হয়েছে, কোনোভাবেই ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়া আসায় কোন বাধার সৃষ্টি হবে না। তাদের সেই আশ্বাসে আস্থা রাখতে চাই। আশা করি কোন অপশক্তি পরিস্থিতি ঘোলাটে করতে পারবে না। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনে নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ও আহমেদুল আলম চৌধুরী রাসেল।

 ইফতেখারুল ইসলাম/এসএন

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষ

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:১৩ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৩:০৪ পিএম
টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষ
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করা হলেও তা উপেক্ষা করে আবারও সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

শুক্রবার (৫ জুন) সকালে এ ঘটনা ঘটে। 

এদিকে বিশৃঙ্খলারোধে গোপালপুরের নলীন বাজার, গোলপেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে একজন মারা যাওয়ায় ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আরেক দফায় মাইকিং করে সহিংসতার ডাক দেয় গোপালপুরের লোকজন। 

পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার রাত ১২টার পরই গোপালপুর ও ভূঞাপুরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। 

তবে আজ সকালে ১৪৪ ধারা উপেক্ষা করে অন্তত তিনটি বাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান খবরের কাগজকে বলেন, প্রথমে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হলেও এখন একাধিক গ্রামে এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। ১৪৪ ধারা উপেক্ষা করে সংঘর্ষ ও অগ্নিসংযোগ খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছি। 

উল্লেখ্য, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোল পেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে পুনরায় সংঘর্ষে জড়ান দুই গ্রামের লোকজন। দেশীয় অস্ত্রে দফায় দফায় চলে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। সংঘর্ষে কালাম তালুকদারসহ অনেকেই আহত হন। পরে তাদের ভূঞাপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা কালামকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জুয়েল রানা/থিও

ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান ৩ ভাই

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০৬ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০১:০৯ পিএম
ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান ৩ ভাই
ছবি: খবরের কাগজ

মায়ের মৃত্যুর পর যেন থমকে গেছে বিশেষ চাহিদা সম্পন্ন তিন ভাইয়ের জীবন। ক্ষুধা লাগলে নির্বাক এই তিন ভাই হাতে খাবারের প্লেট নিয়ে বসে থাকেন মায়ের চিতার পাশে। পটুয়াখালীর বাউফলে মানবেতর জীবনযাপন করা এই তিন ভাই এখন বেঁচে আছেন কেবল প্রতিবেশীদের সহায়তার ওপর ভর করে।

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাদকাঠী গ্রামের দাসনগর এলাকায় একটি জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করেন রিপন দাস (৪৫), সাধন দাস (৩৮) ও নিদু দাস (৩৫)। জন্ম থেকেই নানা প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা এই তিন ভাইয়ের মধ্যে সাধন দৃষ্টিপ্রতিবন্ধী, আর রিপন ও নিদু বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী। ক্ষুধা লাগলে তারা ঠিকমতো খাবারও চাইতে পারেন না। 

একসময় বাবা রতন চন্দ্র দাস ও মা সরস্বতী রানীর স্নেহ-ভালোবাসায় কোনোমতে চলছিল তাদের জীবন। কিন্তু ২০২৫ সালে বাবা মারা যাওয়ার পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে মায়ের কাঁধে। অসুস্থ শরীর নিয়েও তিন সন্তানকে আগলে রেখেছিলেন তিনি। দীর্ঘদিন লিভার ও কিডনি রোগে ভুগে গত মাসে মারা যান মা সরস্বতী রানীও। এরপর থেকেই আশ্রয়হীন হয়ে পড়েন তিন প্রতিবন্ধী ভাই।

পরিবারের পাঁচ ভাইবোনের মধ্যে বড় বোন প্রায় ২০ বছর আগে ভারতে চলে যান। অপর এক ভাই দিনমজুরের কাজ করে নিজের সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন। ফলে তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্য তারও নেই।

স্থানীয়রা খবরের কাগজকে জানান, এখন তাদের জীবন চলে প্রতিবেশীদের দেওয়া খাবারে। কেউ খাবার দিলে তারা খেতে পারেন, না দিলে অনেক সময় না খেয়েই দিন কাটাতে হয়। ক্ষুধার কষ্টে কখনও কখনও তারা খাবারের প্লেট হাতে মায়ের কবরের পাশে গিয়ে বসে থাকেন।

স্থানীয় এক বাসিন্দা খবরের কাগজকে বলেন, ‘এক বেলা খাবার খাইলে দুই বেলা না খাইয়া থাকতে হয়। আমরা যদি খাবার না দেই, তাইলে না খাইয়া দিন কাটে। প্রতিবেশীরা তো সবসময় সাহায্য করতে পারে না। সমাজের বিত্তবান মানুষ যদি এগিয়ে আসে, তাহলে তাদের একটু উপকার হয়।’

আরেক প্রতিবেশী বলেন, ‘বাবা মারা যাওয়ার পরও তাদের মা অনেক কষ্ট করে তিন সন্তানকে আগলে রাখছিলেন। কিন্তু মা মারা যাওয়ার পর তারা একেবারে অসহায় হয়ে গেছে। এখন দুই বেলা খাবার দেওয়ার মতোও কেউ নাই। কেউ দিলে খায়, না দিলে না খাইয়াই থাকতে হয়।’

এদিকে, তিন ভাইয়ের দুর্দশার খবর পেয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ খবরের কাগজকে বলেন, ‘তিন প্রতিবন্ধী ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ কেজি চাল ও ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়াও তাদের পরিবারের যে সুস্থ ভাই আছেন, তার জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।’

মা-বাবা হারিয়ে অসহায় হয়ে পড়া তিন প্রতিবন্ধী ভাইয়ের জীবনে এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা দুবেলা খাবার। ক্ষণস্থায়ী সরকারি সহায়তা মিললেও দীর্ঘমেয়াদে বেঁচে থাকার জন্য প্রয়োজন স্থায়ী সহযোগিতা। স্থানীয়দের আশা, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবেন এ তিন ভাই।

মশিউর মিলন/থিও

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০৬ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
ছবি: সংগৃহীত

নওগাঁর হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে ১৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ২৩৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভারতীয় ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাছড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১৭ জনকে বাংলাদেশে পুশইন করে। যাদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। তবে হাপানিয়া বিওপির টহল দল ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনেই আটকে দিয়েছে।

বর্তমানে তাদের কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

তামান্না রুপা/

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে পুড়ল অর্ধশতাধিক দোকান

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৪৩ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে পুড়ল অর্ধশতাধিক দোকান
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বাজারে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

ব্যবসায়ীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হলে নাগেশ্বরী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ঘণ্টাখানেক পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

বাজারে কাপড়, কসমেটিকস, ফলের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকান ছিল বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা চলছে।

তামান্না রুপা/

মুন্সীগঞ্জে বিদেশি বিয়ারসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৩০ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০১:০১ পিএম
মুন্সীগঞ্জে বিদেশি বিয়ারসহ গ্রেপ্তার ৩
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জে বিদেশি বিয়ারসহ যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা ও মুন্সীগঞ্জ থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টা ৩০ মিনিটে সদর থানার টরকী উচ্চ বিদ্যালয় (জুনিয়র স্কুল) সংলগ্ন ব্রীজের ওপর থেকে তাদের আটক করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, আটককৃতরা হলেন, সুমন মিঝি (২৮), খান জাহান আলী (২৪), মো: লিংক মিঝি। আটক তিনজনই সদর উপজেলার টরকী এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুমন মিঝি, খান জাহান আলী ও মোঃ লিংক মিঝি কে ২৪ ক্যান করে মোট ৭২ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে সুমন মিঝি ও খান জাহান আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক দশটার দিকে জাহেদ মিঝি গংদের পুকুর পাড়ের ঝোপের মধ্যে থেকে ১৬৮ ক্যান বিয়ার জব্দ করা হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম খবরের কাগজকে বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সুমন/থিও/