নগরের চকবাজারে গুলজার টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে এক তরুণ গুরুতর আহত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত তরুণকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের খান খবরের কাগজকে বলেন, মার্কেটের দারোয়ানদের নির্দেশ অমান্য করে ছাদে যায় ওই যুবক। পরে দারোয়ানরা তাকে নিচে নামিয়ে আনার চেষ্টা করলে সে লাফ দেয়। কিন্তু লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়েনি। প্রথমে একটি কোচিং সেন্টারের সাইনবোর্ডের উপর পড়ে। সেখান থেকে ইন্টারনেট তারের উপর পড়ে। ওই তার থেকে মাটিতে পড়ে। এতে কিছুটা আহত হন। তাকে স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
জানা যায়, সে মানসিক ভারসাম্যহীন ছিল। আশপাশ এলাকায় ঘুরাঘুরি করতে দেখেছে লোকজন। তরুণের পরিচয় শনাক্ত করতে পিবিআই কাজ করছে।
দোকানিরা জানান, ঈদের ছুটিতে গুলজার টাওয়ার বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে দোকানপাট খোলার প্রস্তুতি নেওয়ার সময় ওই তরুণ সেখানে ঢুকে যায়। একপর্যায়ে সিঁড়ি বেয়ে সে ছাদে উঠে গেলে বারবার নেমে আসতে বলা হলেও শুনেনি। ৬ তলা ভবনের ছাদে উঠে বাইরের রাস্তার দিকে ঝুলে থাকা অবস্থায়ও তাকে আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু একপর্যায়ে সে লাফ দিয়ে নিচে পড়ে গিয়ে আহত হয়।
গুলজার টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি শাখাওয়াত রাহুল জানান, স্থানীয় লোকজন ওই তরুণকে এলাকায় ঘুরাঘুরি করতে দেখেছে। তার পরিচয় পাওয়া যায়নি। দারোয়ানদের চোখ ফাঁকি দিয়ে ছাদে ওঠে যায় সে। হঠাৎ ছাদের ওপর থেকে লাফ দেয়। তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করছি, সে মানসিক ভারসাম্যহীন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়, গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। বয়স ২১ থেকে ২২ বছর। তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পিবিআই।
আবদুস সাত্তার/এসএন